২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই বাসের সংঘর্ষে চালকের সহকারী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ২০ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

বরিশাল, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ২০ যাত্রী। বৃহস্পতিবার ১০টায় মহাসড়কের মাহিলারা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় নিহতের নাম মো. আজাদ (৩৫)। তিনি গৌরনদীর বিজয়পুরের বাসিন্দা। মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে সুবর্ণ পরিবহনের একটি বাস ফরিদপুর যাচ্ছিল। “মাহিলারা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে ভুরঘাটা থেকে বরিশালমুখী নুর পরিবহনের একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুবর্ণ পরিবহনের চালকের সহকারী আজাদসহ অন্তত ২০ যাত্রী আহত হন।” আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজাদকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের জন্য আজাদের লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬১৪ ঘ.