ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত ৫৩ কিলোমিটার রেললাইন স্থাপনে সম্ভাব্যতা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়ন, দরপত্র আহ্বান এবং নির্মাণ কাজের তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে।
এ কাজের জন্য পরামর্শক নিয়োগ যৌথভাবে পেয়েছে ভারতের কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স গ্রুপ লিমিটেড ও নিপ্পন কোয়েই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
ঢাকার বাংলাদেশ রেলওয়ে সদর দপ্তরে বৃহস্পতিবার এ সম্পর্কিত চুক্তি হয়।
রেলের চট্টগ্রাম সিআরবির প্রধান প্রকৌশলী (প্রকল্প) খাইরুল আলম এবং কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স গ্রুপের প্রধান মহাব্যবস্থাপক এমকে ভেংকট কামনা মুর্তি ও নিপ্পন কোয়েই ইন্ডিয়া প্রাইভেটের পরিচালক সঞ্জয় অরোরা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের এবং রেলওয়ের মহাপরিচালক আবু তাহের উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথমন্ত্রী জানান, সরকার রেলওয়ের আধুনিকায়নের বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এতে সময় ও নিয়ম মেনে রেলওয়ের কার্যক্রম চালানো সহজতর হবে।
তিনি বলেন, “রেলে নতুন লোকবল নিয়োগ ও জনবল বাড়ানো ছাড়া রেলকে পুরোপুরি ট্র্যাকে ফেরানো যাবেনা। কারণ লোকবল না থাকায় অনেক স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৪১ ঘ.
bdnews24