সাভার, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষকে রাজি করানোর আশ্বাস দিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের ‘শান্ত হয়ে’ কাজে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
টানা চার দিন ধরে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে সঙ্গে নিয়ে গার্মেন্ট মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করে তিনি আই আহ্বান জানান।
বৈঠকে হা-মীম গ্রুপের মালিক ও এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ আশ্বাস দেন, চলতি মাসেই তার প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-ভাতা সমন্বয় করা হবে।
হা-মীম গ্রুপের প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে প্রতিদিনই কয়েক ঘণ্টা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অসন্তোষ দেখিয়ে আসছে। আশেপাশের অন্য কারখানার শ্রমিকরাও যোগ দিয়েছে তাদের সঙ্গে।
সাভারের নরসিংহপুরে হা-মীম গ্রুপের কারখানায় যখন প্রতিমন্ত্রীর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক চলছিল, তখনও ঢাকা-টাঙ্গাইল সড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল কয়েক হাজার শ্রমিক। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক লোক আহত হন। ভাংচুর করা হয় দেড় শতাধিক গাড়ি।
বৈঠক শেষে হা-মীমের কারখানার বাইরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “অনাকাক্সিক্ষত যেসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকদের ওপর পুলিশের হামলার কিছু অভিযোগ এসেছে। এ বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
“প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছি”, বলেন তিনি।
শ্রমিকদের উদ্দেশে বলেন, “আপনাদের শান্ত হয়ে কাজে যোগ দেওযার আহ্বান জানাচ্ছি আমি।”
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সিরাজুল ইসলম রনি বলেন, “আশুলিয়ায় হামলা ও বিশৃঙ্খলার যে ঘটনা ঘটেছে তাতে শ্রমিকদের চেয়ে বহিরাগতরাই বেশি তা-ব চালিয়েছে।”
বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান তিনি।
টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন বলেন, “আমরা বৈঠকে শ্রমিকদের দাবি অনুযায়ী বেতন বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেছি। হা মীম গ্রুপের স্বত্ত্বাধিকারী এ কে আজাদও আশ্বাস দিয়েছেন, তার প্রতিষ্ঠানে বেতন চলতি মাসেই নিয়ম অনুযায়ী সমন্বয় করে দেওয়া হবে। আগামী মাসের বেতনের সঙ্গেই এই বাড়তি টাকা কর্মীরা হাতে পাবেন।”
“অন্য কারখানার মালিকদেরও বেতন-ভাতা সমন্বয়ে রাজি করানো হবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে”, বলেন তিনি।
দ্রব্যমূল্য ও আশুলিয়া এলাকায় বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় হা মীম আর্টিস্টিকের শ্রমিকরা দুই হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ানোর দাবিতে গত সোমবার এ আন্দোলন শুরু করে। পরে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়।
লাভলী জানান, সাভার ও আশুলিয়া এলাকায় যাতে ঘন ঘন বাড়িভাড়া বাড়ানো না হয়- তা বাড়ির মালিকদের বোঝানোর দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ।
এছাড়া চার দিনের বিক্ষোভের সময় পুলিশের লাঠিপেটায় আহত শ্রমিকদের চিকিৎসার খরচ এবং কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের এই চার দিনের বেতন দেওয়ার জন্য শ্রমিক নেতাদের পক্ষ থেকে বৈঠকে দাবি জানানো হয়। কারখানা মালিকরা এসব দাবিও পূরণ করার আশ্বাস দিয়েছেন বলে লাভলী ইয়াসমিন জানান।
বিক্ষোভকারীদের উদ্দেশে লাভলী বলেন, “বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কাল সকাল থেকেই কারখানা খোলা থাকবে। আপনার কাজে যোগ দিন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামীকাল শুক্রবার যেসব কারখানা খোলা থাকবে, সেসব কারখানায় শ্রমিকদের ওভারটাইম দিতে মালিকরা রাজি হয়েছেন।”
আশুলিয়ার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে নরসিংহপুরে হা মীমের কারখানায় বৈঠক শুরুর আধা ঘণ্টার মাথায় কয়েক হাজার শ্রমিক জামগড়া এলাকায় সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এরপর তারা জামগড়া থেকে নরসিংহপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পয়েন্টে টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কয়েক দফা সংঘর্ষ হয়।
বেলা সাড়ে ১০টার দিকে সহিংসতা ছড়িয়ে পড়ে নবীনগর-কালিয়াকৈর সড়কেও। বেলা ১২টার পর ঢাকা-টাঙ্গাইল সড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়কের নিয়ন্ত্রণ পুরোপুরি বিক্ষোভকারীদের হাতে চলে যায়।
দফায় দফায় সংঘর্ষের পর পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কে যান চলাচল শুরু হয়। তারও দেড় ঘণ্টা পরে পুলিশ ও র্যাবের পাহারায় ঢাকা-টাঙ্গাইল সড়কেও যান চলাচল শুরু করে।
টানা অসন্তোষের কারণে গত তিন দিনের মতো বৃহস্পতিবারও আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানায় কাজ বন্ধ থাকে।
এই সহিংসতা থামাতে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শিল্প মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মঙ্গল ও বুধবার দুই দফা বৈঠক করেন।
বুধবার বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, কারখানাগুলোতে কর্মরত কোনো শ্রমিক এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। কারা এ ষড়যন্ত্রে জড়িত তা জানতে একটি কমিটি করা হয়েছে। সাভারের সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে এই কমিটির প্রধান করা হয়েছে।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।
শ্রমমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সাড়ে ৩ হাজার পোশাক কারখানার মধ্যে ৩৫০টিই আশুলিয়ায়। এতে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএসটি/জেকে/১২৪০ ঘ.
bdnews24