ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া ছয় অতিরিক্ত বিচারক।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে তাদের শপথ পড়ান।
আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আশীষ রঞ্জন দাস, তিন আইনজীবী মাহমুদুল হক, বদরুজ্জামান বাদল ও জাফর আহমেদ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. এজারুল হক আকন্দ ও এ বি এম আলতাফ হোসেন একে একে বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম জানান, নতুন বিচারপতিরা দুপুরে আদালতে বসবেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার এই ছয় জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন। শপথের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন ছয় জনকে নিয়ে হাই কোর্ট বিভাগে বিচারকের সংখ্যা ১০৪ জন হলো।
এই ছয় বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে দুই বছরের জন্য। অতিরিক্ত এই বিচারকদের নিয়োগ দুই বছর পর স্থায়ী হতে পারে।
বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে অতিরিক্ত এবং স্থায়ী হিসেবে সব মিলিয়ে ৫৬ জন বিচারক নিয়োগ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১১০ ঘ.
bdnews24