২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলরকে ‘হত্যার চেষ্টা’, যুবকের চোখ খুঁচিয়ে জখম

বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলরকে ‘হত্যা চেষ্টার’ অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়ায় তার বাম হাত ভেঙ্গে গেছে ও দুচোখে ক্ষতের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

বাগেরহাট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলরকে ‘হত্যা চেষ্টার’ অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়ায় তার বাম হাত ভেঙ্গে গেছে ও দুচোখে ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে গণপিটুনির শিকার ওই যুবক জানিয়েছে, আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর তাকে আগের রাতে বাড়িতে আটকে রেখে নির্যাতনের পর বুধবার ভোরে পিটুনি দিয়ে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার পর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি মিনা হাসিবুল হাসান থানায় হত্যা চেষ্টা মামলা বা সাধারণ ডায়েরি করেননি বলে জানায় পুলিশ। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, বুধবার ভোর পাঁচটার দিকে খবর পেয়ে শহরের নাগেরবাজারের কলবাড়ি এলাকা থেকে পুলিশ রাস্তায় পড়ে থাকা অবস্থায় মুকুল হাওলাদারকে (৩৫) উদ্ধার করে। এসময় সেখান থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি হাতে তৈরি রিভলবার উদ্ধার করা হয়। মুকুলের দুই চোখ, মুখ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। তাকে পুলিশ প্রহরায় খুলনায় চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি জানান, এ ব্যাপারে কেউ থানায় কোনো মামলা করতে আসেননি। মুকুলের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। বুধবার দুপুরে ঘটনা সম্পর্কে কাউন্সিলর মিনা হাসিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুকুলকে তিনি চি‎িহ্নত ভাড়াটে খুনি হিসেবে চিনতেন। কয়েকদিন ধরে সে নাগেরবাজার এলাকায় ঘোরাঘুরি করছিল। ফলে তিনি কিছুটা সতর্ক ছিলেন। বুধবার ভোরে নাগেরবাজার কলবাড়ি এলাকায় বাড়ির পাশের খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদে ফজরের নামাজ শেষে রাস্তায় মুকুলকে তিনি দেখতে পান। সেখানে মোটরসাইকেল আরোহী এক সঙ্গীকে নিয়ে মুকুল দাঁড়িয়েছিল। বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে আত্মগোপনে থাকা ওই কাউন্সিলর আরো জানান, মুকুলকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গী মোটরসাইকেল চালিয়ে চলে যায়। মুকুল দৌড়ে পালাতে গেলে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে এবং কোমড়ে আগ্নেয়াস্ত্র দেখে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। তবে মুকুল বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে কাউন্সিলর হাসিবুল হাসানের বাড়িতে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। বুধবার ভোরে তার হাত ভেঙে ও দুই চোখ খুঁচিয়ে জখম করে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মুকুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে। ভোরে সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মুকুল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুকুলের বাম হাত ভেঙ্গে গেছে, দুই চোখসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ছিল। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। এদিকে কাউন্সিলর মিনা হাসিবুল হাসানের হত্যা চেষ্টার প্রতিবাদে সকালে যুবলীগ শহরে প্রতিবাদ মিছিল ও পথসভা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৬ ঘ.