ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গজল সম্রাট মেহেদী হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
প্রধানমন্ত্রী শোকবাণীতে বলেছেন, এই শিল্পী তার সৃষ্ট সঙ্গীত কর্মের ফলে এই উপমহাদেশের মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন।
দীর্ঘ রোগভোগের পর বুধবার করাচির একটি হাসপাতালে মারা যান ভারতীয় উপমহাদেশের প্রবাদপ্রতীম গজল শিল্পী মেহেদী হাসান।
প্রধানমন্ত্রী শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।
শোকবাণীতে খালেদা জিয়া বলেন, প্রখ্যাত এই শিল্পীর মোহনীয় কণ্ঠে সুরের মূর্ছনা হৃদয়কে আবেগে পরিপূর্ণ করতে পেরেছে বলেই তিনি মানুষের মনে চির অম্লান হয়ে থাকবেন।
তার মৃত্যুতে সঙ্গীত জগতের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, বলেছেন তিনি।
বিরোধীদলীয় নেতাও শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এমআই/২২৪১ ঘ.
bdnews24