ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবনে গোলাগুলির সমালোচনা করে এই ধরনের ঘটনা এড়াতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সরকারদলীয় এক সংসদ সদস্য।
আওয়ামী লীগের র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী বুধবার সংসদ অধিবেশনে বলেন, “গতকাল (মঙ্গলবার) সড়ক ভবনে যা হয়েছে, তা দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সতর্ক থাকতে হবে এবং কঠোর হাতে দমন করতে হবে।”
দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে দরপত্র পেতে আধিপত্য বিস্তারের জেরে মঙ্গলবার বিকালে ক্ষমতাসীন দলের সমর্থক দুটি পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।
উবায়দুল মুক্তাদির প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে সড়ক ভবনের প্রসঙ্গ তোলেন।
বাজেট নিয়ে আলোচনায় তিনি করযোগ্য ব্যক্তির ক্ষেত্রে ন্যূনতম আয় ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকা করার আহবান জানান।
বাজেটের ওপর আলোচনায় আওয়ামী লীগের সংসদ সদস্য জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের ভাতা দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী’ অভিহিত করে আওয়ামী লীগের খালেদুর রহমান টিটো বলেন, “বৈদেশিক ঋণের ওপর ভিত্তি করে এগিয়ে যাব, তা ঠিক নয়। অভ্যন্তরীণ কর দেওয়ার মানসিকতা সৃষ্টি করতে হবে।”
বাজেট আলোচনায় আরো অংশ নেন আওয়ামী লীগের এ বি এম গোলাম মোস্তফা, শাহ আলম, মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং সংরক্ষিত মহিলা আসনের ন্যাপের সংসদ সদস্য আমেনা আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১২২ ঘ.
bdnews24