২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের আশ্রয় দিতে আবার দীপু মনির ‘না’

দাঙ্গার মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় না দেওয়ার সরকারের শক্ত অবস্থানের কথা আবার জানালেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাঙ্গার মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় না দেওয়ার সরকারের শক্ত অবস্থানের কথা আবার জানালেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত আহ্বান বুধবার আবার নাকচ করেন তিনি। মঙ্গলবারও সরকারের একই অবস্থানের কথা জানিয়েছিলেন তিনি। দুই দশক আগে মিয়ানমারে দমন-পীড়নের মুখে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতে শুরু করে। এখন পর্যন্ত এই সংখ্যা প্রায় ৫ লাখ। গত শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশে রাখাইন-রোহিঙ্গা দাঙ্গা শুরুর পর পুনরায় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে চেষ্টা চালাচ্ছে। তবে তাদের ফিরিয়ে দিচ্ছে বিজিবি ও কোস্টগার্ড। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশা করি, এটা তাদের দেশের (মিয়ানমার) মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটবে না।” মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দীপু মনি বলেছিলেন, “মিয়ানমার থেকে আরো শরণার্থী আসাটা আমাদের জন্য মঙ্গলজনক নয়।” আগে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও তথ্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএএইচ/এএইচ/এমআই/২১০০ ঘ.