২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমের ওয়াকআউট

রোহিঙ্গা সমস্যা নিয়ে সংসদে কথা বলতে চেয়েও না পারায় ওয়াক আউট করে প্রতিবাদ জানিয়েছেন একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা সমস্যা নিয়ে সংসদে কথা বলতে চেয়েও না পারায় ওয়াক আউট করে প্রতিবাদ জানিয়েছেন একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। বুধবার ৬টার কিছু আগে ওয়াকআউট করলেও মিনিট পাঁচেক পর অধিবেশন কক্ষে ফিরে আসেন নোয়াখালীর এই সংসদ সদস্য। সংসদ সদস্য রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে চাইলে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী তাকে নোটিস দিতে বলেন। এতে কথা বলতে না পেরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান আজিম। এর আগে শওকত আলী ও ফজলুল আজিমের মধ্যে বেশ বদানুবাদও হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল (সংশোধনী) বিল-২০১২ পাসের প্রক্রিয়ার সময়ই ফজলুল আজিম দাঁড়িয়ে বলেন, তার কিছু বলার আছে। তাকে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে দিতে হবে। বিল পাসের পর ফজলুল আজিমকে কার্যপ্রণালী বিধির কোন ধারায় কথা বলতে চান- তা উল্লেখ করে শর্তসাপেক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ দেন ডেপুটি স্পিকার। মাইক পেয়ে ফজলুল আজিম বলেন, “কেতাব দিয়ে সংসদ চলে না। রাষ্ট্র, জনগণ, সংসদ এবং এমপিদের অধিকার নিয়ে যে কোনো বিষয়ে কথা বলা যায়। চিফ হুইপ বলবেন যে ৩০১ বিধিতে কথা হয়নি, আর আপনি (ডেপুটি স্পিকার) এক্সপাঞ্জ করে দেবেন, তা হয় না। আপনাকে আইনের স্পিরিট ও এসেন্স দেখতে হবে। “সংবিধানের ৩০১ এ যা বলা আছে, তাতে সকল কিছুই আলোচনা করা যায়। আমি আপনাকে আপনার কাজটা মনে করিয়ে দিতে চাচ্ছি।” তখন ফজলুল আজিমের মাইক বন্ধ করে দিয়ে ডেপুটি স্পিকার উত্তেজিত কণ্ঠে বলেন, “আপনাকে মাইক দিলাম। কিন্তু আপনি তো পয়েন্ট অব অর্ডারে কথা বললেন না, আপনি জ্ঞান দিলেন। আমার দায়িত্ব আপনাকে বলতে হবে না। আমি আমার কাজ করছি, আপনি পয়েন্ট অব অর্ডারে বলুন।” এরপর ফজলুল আজিমকে মাইক দেওয়া হলে তিনি মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার তাকে বাধা দিয়ে বলেন, “এতে কোন বিধি লঙ্ঘিত হয়েছে। এটা ৩০১ বিধিতে পড়ে না।” জবাবে ফজলুল আজিম বলেন, “এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়।” শওকত আলী বলেন, “আপনি নোটিস দিলেন না কেন?” ফজলুল আজিম বলেন, “এটা আমাকে বলতে দিলে সকলের জন্য ভালো হবে।” শওকত আলী বলেন, “ভবিষ্যতে নোটিস দিয়ে কথা বলবেন।” “আপনি চালান, আমি ওয়াক আউট করছি,” বলে বেরিয়ে যান আজিম। এর আগে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল (সংশোধনী) বিল-২০১২ কণ্ঠভোটে পাস হয়। ফজলুল আজিমের সংশোধনীসহ আইনটি পাস হয়। তার প্রস্তাব অনুযায়ী বিলে ‘সংক্ষিপ্ত শিরোনাম’ শব্দের বদলে ‘সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন’ প্রতিস্থাপিত হয় এবং আইনটি চলতি বছরের ১১ এপ্রিল থেকে কার্যকর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৩৫ ঘ.