ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো ছয় জন বিচারক পেয়েছে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার এই ছয় জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদের শপথ নেওয়ার দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন বিচারকরা হলেন- আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আশীষ রঞ্জন দাস, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও কাজী মো. এজারুল হক আকন্দ এবং তিন আইনজীবী বদরুজ্জামান বাদল, মাহমুদুল হক ও জাফর আহমেদ।
বৃহস্পতিবার নতুন বিচারপতিরা শপথ নেবেন বলে সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
বর্তমানে হাই কোর্ট বিভাগে ৯৮ জন বিচারক কাজ করছেন। নতুন ছয় জনকে নিয়ে এই সংখ্যা ১০৪ হল।
এই ছয় বিচারককে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত এই বিচারকদের নিয়োগ দুই বছর পর স্থায়ী হতে পারে।
বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে অতিরিক্ত এবং স্থায়ী হিসেবে সব মিলিয়ে ৫৬ জন বিচারক নিয়োগ হয়েছে।
এদিকে আশীষ রঞ্জন দাস বিচারক হিসেবে নিয়োগ পাওয়ায় যুগ্ম সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিদেশ যাচ্ছেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আগামী ১৫ জুন ব্রাজিল সফরে যাচ্ছেন। ২২ জুন তার ফেরার কথা।
তার অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে বুধবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়।
এতে বলা হয়, ২২ জুন পর্যন্ত অথবা বিচারপতি মোজাম্মেল হোসেন নিজ কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২০২৬ ঘ.
bdnews24