২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মা-মেয়ে খুন, হত্যাকারী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত । এ ঘটনায় হত্যাকারীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

পিরোজপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়ায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত । এ ঘটনায় হত্যাকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভাইজোড়া গ্রামে এ ঘটনায় নিহত হন মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও তার মেয়ে তাবাসসুম (৯)। আটক বাদল খান (৩২) একই গ্রামের বাসিন্দা। মঠবাড়িয়া থানার ওসি শেখ মো. আবু জাহিদ জানান, ব্যক্তিগত শত্রুতার জের ধরে রাত ৯ টার দিকে ঘরের পেছনের দরজা দিয়ে শিক্ষক ইয়াহিয়ার ঘরের ভেতরে ঢুকে বাদল। এ সময় নাজমা বেগম বাধা দেয়ার চেষ্টা করলে বাদল দা দিয়ে তাকে ও তার মেয়েকে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় তাদের চিৎকারে নাজমার দেবর মাকসুদসহ প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে টেটা বিদ্ধ করে বাদলকে আটক করে। পরে গুরুতর অবস্থায় মা-মেয়েকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শাপলেজা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার জানান, ইয়াহিয়ার বাড়িতে প্রায় এক মাস আগে বাদল রাজমিস্ত্রীর কাজ করেছিল। নিহত নাজমা বেগমের শ্বশুর মর্তুজা (৫০) বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এইচএ/১৮৫৪ ঘ.