২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি শামসুদ্দিনের বেঞ্চে শুনানিতে আপত্তি খালেদার

হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চে ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে ওই আদালত থেকে একটি আবেদন বাদ দিতে চাইছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চে ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে ওই আদালত থেকে একটি আবেদন বাদ দিতে চাইছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালন সংক্রান্ত একটি আদেশ পুনর্বিবেচনার আবেদন বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চের কার্যতালিকায় এসেছে। বুধবার খালেদা জিয়ার পক্ষ থেকে তার আইনজীবীরা ওই আদালতে গিয়ে তা বাদ দেওয়ার আবেদন করেন। আদালত বৃহস্পতিবার এই আবেদনের শুনানির দিন ধার্য করেছে। ওই দিন মূল আবেদনের শুনানির দিনও রয়েছে। আদালতে বিরোধী নেতার পক্ষে শুনানি করেন শুনানি করেন মওদুদ আহমদ, মুহাম্মদ জমির উদ্দিন সরকার। রফিকুল ইসলাম মিয়া ও রুহুল কুদ্দুস কাজলও আদালতে ছিলেন। আবেদনে বলা হয়, আবেদনকারী বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির নেতা এবং স্বাভাবিকভাবেই এই মামলায় একটি রাজনৈতিক সংশ্লিষ্টতা (ফ্লেভার) রয়েছে। নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি এবং ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ফজলুল হক আমিনী সংক্রান্ত মামলায় খালেদা জিয়ার সম্পর্কে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর করা মন্তব্য নিয়ে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদনও আবেদনের সঙ্গে যুক্ত করা হয়। “এই দুই মামলায় খালেদা জিয়া কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও তার সম্পর্কে আদালতের করা মন্তব্যের কারণে তার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, এই আদালতে আবেদনটির শুনানি হলে তিনি ন্যায়বিচার পাবেন না,” বলেন খালেদার আইনজীবী। ১৫ অগাস্ট খালেদার জন্মদিন পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ১৯৯৭ সালের ২০ অগাস্ট ঢাকার সহকারী জজ আদালতে একটি মামলা করেন অ্যাডভোকেট মো. সোহরাওয়ার্দী। পরের বছরের ১১ অগাস্ট খালেদা জিয়া মামলাটি খারিজের আবেদন করলে ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর অতিরিক্ত সহকারী বিচারক মো. শফিকুর রহমান তা নাকচ করে দেন। বিচারিক আদালতের ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন হলে ওই বছরের ২৯ সেপ্টেম্বর হাই কোর্ট রুল জারির পাশাপাশি মূল মামলার কার্যক্রম স্থগিত করে। মামলা খারিজের আবেদন নাকচের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে। ২০০৯ সালে ওই রুলটি শুনানির জন্য একটি বেঞ্চের কার্যতালিকায় আসে। ওই বছরের ১৬ নভেম্বর ওই বেঞ্চে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা জানিয়ে পুনর্বিবেচনার আবেদনটি বাদ দেওয়ার আবেদন করা হয় খালেদা জিয়ার পক্ষ থেকে। পরে মামলাটি প্রধান বিচারপতির দপ্তর থেকেও ঘুরে আসে। মূল মামলার আইনজীবী ফরিদুল আলম তালুকদার সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চে রুল শুনানির জন্য উপস্থাপন করেন। মঙ্গলবার মামলাটি কার্যতালিকায় এলে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল আবার সময় চান। তখন বিচারক বলেন, “এত বছর একটি মামলা ঝুলে আছে, আর সময় দেওয়া যাবে না। ইন্টারলোকেটরি একটি আদেশের বিষয়ে এত বছরেও আমরা নিস্পত্তি করতে না পারলে কীভাবে হবে?” কাজলের অনুরোধের পরে আদালত জানায়, বৃহস্পতিবার মামলাটি কার্য তালিকার শীর্ষে থাকবে। ওইদিন কোনো পক্ষ সময় চাইলেও আর সময় দেওয়া হবে না। খালেদা জিয়ার শিক্ষা সনদ, বিবাহ নিবন্ধনসহ বিভিন্ন সময়ের সরকারি কাগজপত্রে একাধিক জন্ম তারিখ থাকায় এ নিয়ে বিতর্ক রয়েছে। নথিপত্রে অক্টেবরে জন্মদিনের উল্লেখ থাকলেও তিনি তা পালন করেন ১৫ অগাস্ট। ১৯৭৫ সালের ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮১৭ ঘ.