ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে করা আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে ‘বিধি’ অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে রাষ্ট্রপতির কার্যালয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ শাখা থেকে পাঠানো এ সংক্রান্ত চিঠি মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পৌঁছায়। জ্যেষ্ঠ সহকারী সচিব জান্নাতুন নাঈম স্বাক্ষরিত ওই চিঠির একটি অনুলিপি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের হাতে এসেছে।
চিঠিতে ওই বিচারপতির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার বিষয় উল্লেখ করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার আইন মন্ত্রণালয়ের নেই। এ ধরনের কোনো বিধিও আইনে নেই।”
বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির ‘এখতিয়ার’ উল্লেখ করে তিনি বলেন, “বিচারপতির পদটি সাংবিধানিক। এ বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। তাই আবেদনটি নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।”
মো. মোজাম্মেল হক নামে সুুপ্রিম কোর্টের এক আইনজীবী বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে অপসারণের জন্য গত ৫ জুন বঙ্গভবনে এই আবেদন জমা দেন।
মোজাম্মেল তার আবেদনে অভিযোগ করেন, গত ৩১ মে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তাকে বানরের সঙ্গে তুলনা করেন।
“গত ৩১ মে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আমাকে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নিজে নিজে অযথা উত্তেজিত হয়ে আমাকে বানরের সাথে তুলনা করেন, যা আদালত অঙ্গনে নজীরবিহীন।”
‘আইনের শাসন, সুশাসন, বিচার বিভাগের ভাবমূর্তি এবং সংবিধানকে সমুন্নত রাখার লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন মোজাম্মেল।
ওই আবেদনের বক্তব্য আদালত অবমাননাকর- উল্লেখ করে মঙ্গলবার মোজাম্মেলের বিরুদ্ধে রুর জারি করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।
বিচারপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার মাধ্যমে আদালতের মর্যাদা, পবিত্রতা ও কর্তৃত্ব ক্ষুণœ করার কারণে আদালত অবমাননার অভিযোগে মোজাম্মেলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার কাউন্সিলকে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
পাশাপাশি আগামী ১৫ জুলাই ওই আইনজীবীকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতেও বলেছেন তিনি।
উচ্চ আদালতের একটি রায়ের সমালোচনায় ‘বিরূপ’ মন্তব্য করে স্পিকার রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ করেছেন- এমন বক্তব্য দেওয়ার পর গত ৫ জুন ক্ষমতাসীন মহাজোটের সাংসদরাও এই বিচারপতির অপসারণ দাবি করেন।
অবশ্য স্পিকার আব্দুল হামিদ পরে বলেন, তিনিই এ বিষয়ে রুলিং দেবেন।
এদিকে বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে মো. মোজাম্মেল হোসেন বলেন, বিগত ৩১ মে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর আদালতে এক অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সাংবিধানিকভাবে উক্ত বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে আবেদন করি।
“আমার আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি আইন মন্ত্রণালয়কে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এমতাবস্থায় উনি (বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী) গত ১২ জুন আমার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।”
চিঠিতে আরো বলা হয়, “উক্ত বিচারপতি কথিত রুল জারির মাধ্যমে আমাকে শুধু পুনরায় হেয় করার পায়তারাই করছেন না, এর মাধ্যমে সংবিধানের সীমা ছাড়িয়ে রাষ্ট্রপতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে, যা স্বাধীন বিচার ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ।
“উপরোক্ত অবস্থায় বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কৃপা দৃষ্টি প্রার্থনা করছি।”
পরে মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার অভিযোগ রাষ্ট্রপতি আমলে নিয়েছেন। তার অবস্থান সর্বোচ্চ। রাষ্ট্রপতির আমলে নেওয়া কোনো বিষয়ে আদালত রুল দিতে পারে না।
আওয়ামী লীগের বিগত সরকারের সময়ে ২০০১ সালের ২৫ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ার পর দুই বছর দায়িত্ব পালন করেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কিন্তু পরের বিএনপি সরকার তাকে স্থায়ী করেনি। দীর্ঘদিন পরে মহাজোট ক্ষমতায় আসলে ২০০৯ সালের ২৫ মার্চ তিনি হাই কোর্টে স্থায়ী নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএন/জেকে/এইচএ/২০৩৯ ঘ.
bdnews24