২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ঢোকার পথে ১১৪ রোহিঙ্গা আটক

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চারটি ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের চর বদর মুকাবে ভেড়ার চেষ্টা করে এই রোহিঙ্গারা। তাদের ফেরত পাঠানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম/কক্সবাজার, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে রাখাইন প্রদেশে দাঙ্গার কারণে বাংলাদেশে ঢুকতে গিয়ে ১১৪ জন রোহিঙ্গা আটক হয়েছেন। সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ও কোস্টগার্ড কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত চারটি ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের চর বদর মুকাবে ভেড়ার চেষ্টা করে এই রোহিঙ্গারা। বিজিবির ৪৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের মধ্যে ৩০ জনকে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের ওই ট্রলারে করেই জোয়ারের সময় ফেরত পাঠানো হবে বলে জানান তিনি। রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এর পর থেকে সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। তবে দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের পর তাদের নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। বিজিবি স্থল সীমান্তে পাহারা জোরদারের পাশাপাশি নাফ নদীতেও স্পিডবোট নিয়ে টহল দিচ্ছে। ইতোমধ্যে রোহিঙ্গাবাহী কয়েকটি নৌকাকে ফেরত পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, বিজিবি যাদের ফেরত পাঠাচ্ছে তারা কেউ ওপারে যাচ্ছে না। সাগরে ভাসমান অবস্থায় সময়ক্ষেপণ করছে সুযোগের অপেক্ষায়। বিজিবির ৪২ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর কামরুল হাসান সাংবাদিকদের জানান, তারা সতর্ক অবস্থায় রয়েছেন। রাখাইন প্রদেশে দাঙ্গা শুরুর পর মিয়ানমার-বাংলাদেশ যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। টেকনাফের বহির্গমন (ইমিগ্রেশন) কর্মকর্তা আবদুল কাদির সাংবাদিকদের জানান, প্রায় ৫০ জন বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটক দেশটিতে আটকা পড়েছিলেন। বর্তমানে আট জন ওই দেশে রয়েছেন। অন্যরা ফেরত এসেছেন। তিনি জানান, দাঙ্গার সময় মিয়ানমারের দুই শতাধিক নাগরিক বাংলাদেশে ছিলেন। এখন ৫৯ জন রয়েছেন, বাকিরা ফিরে গেছেন। প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মধ্যে এখনও প্রায় ২৫ হাজার নাগরিক টেকনাফের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়। বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও তথ্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/প্রতিনিধি/এমডি/এমএইচপি/এমআই/১৬৩৫ ঘ.