পটুয়াখালী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে বেড়াতে যেয়ে দুর্বৃত্তদের ছুড়ে মারা দাহ্য পদার্থে আহত হয়েছেন এক কলেজ ছাত্রী।
মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া ‘এসিডে’ আহত উপজেলার ১নং মাধবখালীখালী ইউনিয়নের রামপুর গ্রামের মোসাম্মদ রিপাকে (১৭) বুধবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার রমিজ উদ্দিন কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাবার নাম মো. শাহ আলম তালুকদার।
পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক মশিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিপার ওপর কী ধরণের দাহ্য পদার্থ ছোড়া হয়েছে তা রাসায়নিক পরীক্ষার পর জানা যাবে।
আহত কলেজ ছাত্রী রিপা সাংবাদিকদের জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে জানালা দিয়ে কে বা কারা তার মুখে ‘এসিড’ ছুড়ে মারে।
গ্রামের বাড়িতে বেড়াতে এসে গত সপ্তাহেও একবার দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে জানান রিপা।
মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত রিপার অভিযোগ অনুযায়ী ওই এলাকার মো. মাসুম মুন্সির ছেলে ইসতিয়াক আহমেদ তরুণকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১২৫১ ঘ.
bdnews24