লাবলু আনসার,
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসার চূড়ান্ত ধাপে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সফলভাবে।
ম্যানহাটানের বেলভ্যু হাসপাতালের অংকোলজি বিভাগের প্রধান ডা. জেইন এবং ক্যান্সার সার্জন জজ মিলারের নেতৃত্বে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় এই অস্ত্রোপচার শুরু হয়।
দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর ডা. মিলার জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। হুমায়ূন দ্রুত সেরে উঠবেন বলে আশা করছেন তারা।
“পরিস্থিতি বেশ জটিল ছিল। এ কারণে অস্ত্রোপচারে বেশি সময় লেগেছে। তার (হুমায়ূন) লিভারে একটি টিউমার ছিল, সেটিও অপসারণ করা হয়েছে”, বলেন এই চিকিৎসক।
প্রকাশনা সংস্থা মুক্তধারার বিশ্বজিৎ সাহা এবং প্রবাসী লেখক গাজী এ কাশেম হাসপাতাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্রোপচার শেষ হওয়ার আড়াই ঘণ্টা পর হুমায়ূনের চেতনা ফিরে আসে। সে সময় তিনি স্ত্রী মেহের আফরোজ শাওন ও উপস্থিত সুহৃদদের সঙ্গে কথা বলেন।
কথা সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, লেখকের শৈশবের বন্ধু নুরুজ্জামান মণ্ডল, রুমা সাহা, প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলামও এ সময় হাসপাতালে ছিলেন।
বেলভ্যু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আরো অন্তত সাতদিন সেখানে পর্যবেক্ষণে রাখা হবে হুমায়ূনকে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরও কিছুদিন বিভিন্ন ধরনের থেরাপি নিতে হবে।
বিশ্বজিৎ জানান, হুমায়ূনের শাশুড়ি সংসদ সদস্যা তহুরা আলীও নিউইয়র্কে এসেছেন। এই সাহিত্যিকের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শাওন।
১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি।
টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।
ক্যান্সার ধরা পড়ার পর গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত এই লেখক।
দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর তার এমআরআই করা হয়। এর প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেখানের বেলভ্যু হাসপাতালে অস্ত্রোপচার হবে।
অস্ত্রোপচারের আগে পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গত মাসে দুই সপ্তাহের জন্য দেশে আসেন হুমায়ূন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩০ ঘ.
bdnews24