২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এফ এম হাবিবুর রহমান ভূইয়া জিন্নাহ আলোচিত এই মামলার বিচারের দায়িত্ব পেয়েছেন। ঘটনার আট বছর পর আগামী ২৪ জুলাই হবে অভিযোগ গঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

প্রকাশ বিশ্বাস জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা , জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ুন আজাদকে হত্যার চেষ্টা চালানোর আট বছরেরও বেশি সময় পর আগামী ২৪ জুলাই শুরু হতে যাচ্ছে এর বিচার। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া জিন্নাহ আলোচিত এই মামলার বিচারের দায়িত্ব পেয়েছেন। এই আদালতের পেশকার ফয়েজ আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪ জুলাই গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হবে এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে। হুমায়ুন আজাদের ছোট ভাই ও মামলার বাদি মঞ্জুর কবির সেদিন আদালতে থাকবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বাদ দিয়ে গত ১৩ মে পাঁচজনকে অভিযুক্ত করে হত্যাচেষ্টা মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। শুরুতে হত্যাচেষ্টা মামলা হলেও এই সম্পূরক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে এটি হত্যামামলায় পরিণত হয়। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো দিকের রাস্তায় লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। কয়েক মাসের চিকিৎসায় সুস্থ হয়ে ২০০৪ সালের অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। ১২ অগাস্ট মিউনিখে তার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামলাটিকে হত্যামামলা হিসেবে রূপান্তরিত করার কারণ হিসেবে অভিযোগপত্রে বলা হয়েছে, সাক্ষ্য প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, জার্মানি থেকে পাঠানো মৃত্যু সনদ, ময়না তদন্ত প্রতিবেদন ও শবদেহ পরীক্ষার (অটোপসি) প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে হুমায়ুন আজাদ হামলার শিকার হওয়ার পর হাইপার টেনশন রোগে আক্রান্ত হন। আসামিদের আক্রমণের ফল হিসেবেই এই লেখক মারা যান। গত ১৪ মে হত্যাচেষ্টার সঙ্গে হত্যার অভিযোগ যুক্ত করে এবং বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান। এতে মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেলকে আসামি করা হয়েছে। এরা সবাই নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা। তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, তদন্তে অভিযোগের প্রমাণ না পাওয়ায় আসামির তালিকা থেকে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদী, ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঁইয়া, গোলাম মোস্তফা ওরফে মোস্তফা মাহমুদ, আবদুল খালেক গবা ওরফে টাইগার, শফিক উল্লাহ ওরফে সাদ এবং ফাঁসির রায় কার্যকর হওয়ায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই ও খালেদ সাইফুল্লাহর নাম সম্পূরক অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগপত্র দাখিলের আগে মারা যাওয়ায় বাদ পড়েছে নূরুউল্লাহ হাফিজের নামও। হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় পুলিশ ২০০৭ সালের ১৪ নভেম্বর হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেয়। কিন্তু তাতে আপত্তি জানিয়ে বাদি মঞ্জুর কবির ২০০৯ সালের অক্টোবরে অধিকতর তদন্তের আবেদন করেন। তিনি আবেদনে বলেন, পাক সার জমিন সাদ বাদ বইটি প্রকাশের পর ২০০৩ সালের ২৩ নভেম্বর জামায়াত নেতা সাঈদী সংসদে বইটির সমালোচনা করেন, কিন্তু তদন্ত কর্মকর্তা তার বিষয়ে তদন্ত করেননি। অপরাধী চক্র একটি বৃত্তি দিয়ে হুমায়ুন আজাদকে জার্মানিতে নিয়ে যায়। সেখানে তিনি হত্যার শিকার হন। হুমায়ুন আজাদ নিজেও চিকিৎসাধীন অবস্থায় হামলার পেছনে মৌলবাদী সংগঠন এবং সাঈদীর জড়িত থাকার ইংগিত দেন সাংবাদিকদের কাছে। এই পরিপ্রেক্ষিতে বিচারক অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন। গত বছরের ২২ মে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান দেলাওয়ার হোসাইন সাঈদী, যিনি একাত্তরে যুদ্ধাপরাধের মামলাতে অভিযুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৪৫ ঘ.