২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী

জ্যৈষ্ঠ শেষের বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে সিলেট নগরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সিলেট, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যৈষ্ঠ শেষের বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে সিলেট নগরবাসী। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েক দফায় ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে। এতে নগরীর অন্তত ৪০টি স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। পানি নিষ্কাশনের অন্যতম পথ নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া ধুবড়িছড়া, গুয়ালিছড়া, মালনীছড়া, ভূবিছড়া, বারুতখানাছড়া, মির্জাজাঙ্গালছড়া, কেওয়াছড়া, বৈঠাছড়া, গাভিয়াল খাল, রত্মারখালসহ ১২টি ছড়া ও খালের দু’পাশ ভরাট করে গড়ে উঠেছে স্থাপনা। কোনো কোনো ক্ষেত্রে পুরোটাই ভরাট করে দালানকোঠা নির্মাণ করা হয়েছে। নগরীর জালালাবাদ এলাকার বাসিন্দা মোছাব্বির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্ষা মৌসুমের আগে প্রতিবারই তড়িঘড়ি করে ছড়া সংস্কারের কাজ শুরু হয়। নগরীর পানি নিষ্কাশনের অন্যতম উৎস এসব ছড়া ও খাল ভরাট হয়ে যাওয়ায় মঙ্গলবারের সামান্য বৃষ্টিতেই নগরীর উপশহর, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, তালতলাসহ নগরীর অন্তত ৪০টি এলাকায় কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত পানি উঠেছে। ছড়া, খাল দখল এবং জলাবদ্ধতা প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর ছড়া সংস্কারের জন্য ১১ কোটি টাকার প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া বর্তমানে নগরীর ড্রেন, কালভার্ট ও রাস্তাঘাট সংস্কারে প্রায় ৫৭ কোটি টাকার কাজ চলছে। এসব কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা অর্ধেক কমে আসবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০২৯ ঘ.