নেত্রকোনা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা সদর উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে কারগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ এ সাজা দেন।
দণ্ডিত দুই যুবক হলেন, সদরের টেংগা গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুস ছোবহান (২৪) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে সুমন (২২)।
সদর মডেল থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেংগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্র্রেণীর ছাত্রীটিকে স্কুলে যাওয়ার পথে ছোবহান ও সুমন প্রায়ই উত্ত্যক্ত করত। সকালে ছাত্রীটি স্কুলে যাওয়ার সময় এই দুই বখাটে তার ওড়না ধরে টানা হেঁচড়া করে এবং অশালীন কথাবার্তা বলে।
এ বিষয়ে ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ ছোবহান ও সুমনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
দুপুর ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতে ছোবহানকে এক বছরের ও সুমনকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪৬ ঘ.
bdnews24