নারায়ণগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতি চেষ্টার অভিযোগে জনতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত আজিজুল হক (৩০) উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি গ্রামের আব্দুল করিমের ছেলে।
সোমবার রাতে নাগরাপাড়ায় তিনি পিটুনিতে আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে একদল ডাকাত এলাকার মুদি দোকানী দেলুর মিয়ার বাড়িতে ঢুকে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে।
বাড়ির লোকজনের চিৎকারে লোকজন এসে তাদের ধাওয়া করে এবং আজিজুলকে ধরে পিটুনি দেয়।
ওসি আরো জানান, নিহত আজিজুল সম্প্রতি সিন্দি বাজারে আটটি দোকানে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত ছিলেন। তিনি ওই ডাকাতি মামলার ৬ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এ ঘটনায় আরেকটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩৪ ঘ.
bdnews24