২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কোস্টগার্ডের বিরুদ্ধে হত্যা মামলা

বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্টগার্ডের গুলিতে জেলে জুয়েল ফরাজী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

বরিশাল, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্টগার্ডের গুলিতে জেলে জুয়েল ফরাজী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ। বিচারক মো. জাহিদুল কবির কাউনিয়া থানার ওসিকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করার নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, বুধবার (৬ মে) কীর্তনখোলা নদীতে মাছ শিকারত জেলেদের ওপর কোস্টগার্ড সদস্যরা গুলি চালালে জুয়েল গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। পরদিন তার লাশ উদ্ধার করা হয়। এছাড়া জেলে কবির গুলিবিদ্ধ হন এবং মারধরে আহত হন জেলে হান্নান। মামলায় কোস্টগার্ড বরিশাল কোতোয়ালি স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার তফিজউদ্দিন, এসকে কর, আরইএন-১ এবি ফজলু, এমই-১ মো. আজিম, তাদের দুই সোর্স মো. রাজু, জসিমসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলেদের কাছে অবৈধভাবে টাকা দাবি এবং তা না পেয়ে ৬ মে কীর্তনখোলা নদীতে মাছ শিকারের সময় গুলিবর্ষণের অভিযোগ করা হয় আসামিদের বিরুদ্ধে। এদিকে, এ ঘটনাকে সংঘর্ষ বলে দাবি করেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নুর-ই- আলম। তিনিন বলেন, এই সংঘর্ষে এক কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন। তবে গুলি ছোঁড়ার কথা স্বীকার করেছেনস তিনি। ওই দিন সরকারি কাজে বাধা দেওয়া এবং কোস্টগার্ড সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগে ২৫ জনকে আসামি কোস্টগার্ডও একটি মামলা করে। বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২০ ঘ.