২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ভবনে গুলি, আহত ৫

দরপত্র পেতে আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে দুই পক্ষের সংঘর্ষে সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র পেতে আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ার (৩৫) এবং মসিউর রহমান রাজেশ (৩৫), রিপন (৩২), জাকির হোসেন (৪০) ও তৌহিদুল ইসলাম (৩৫) নামের আরো চারজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম হাসপাতালে সাংবাদিকদের জানান, রাজেশ, রিপন ও তৌহিদুল সড়ক ভবনের ঠিকাদার। আর জাকির হোসেন সড়ক ভবনের গাড়ি চালক। স্বেচ্ছাসেবক লীগের এই নেতা বলেন, বিকাল ৪টার দিকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও কয়েকটি মোটর সাইকেল নিয়ে ১৫/২০ জন যুবক সড়ক ভবনের ঢুকে তাদের দিকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এ সময় তাদের গায়ে গুলি লাগে। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। আজ সড়ক ভবনে কোনো টেন্ডার ছিলো না বলে শুনেছি। তারপরও দুটি পক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে।” গোলাম আজমল তৌহিদ নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী হাসপাতালে সাংবাদিকদের বলেন, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মধ্যে সড়ক ভবনের কয়েকটি টেন্ডার নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে ১০ দিন আগে শাহবাগ থানায় একটি মামলাও হয়েছে। শ্রমিক লীগের কর্মীরাই এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএসটি/জেকে/১৭৫০ ঘ.