২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র দ্রুত শেষ করার নির্দেশ

বাস্তবায়নাধীন বিদ্যুৎ প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস্তবায়নাধীন বিদ্যুৎ প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সভাপতিত্বে ‘বিদ্যুৎ সেক্টরের প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত’ এক সভায় তিনি এই নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আবুল কালাম আজাদ বলেন, “বিদ্যুৎ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা ও সিদ্ধান্ত দিয়েছেন।” প্রকল্পগুলো দ্রুত শেষ করতে বিভিন্ন সিদ্ধান্ত নিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটিও গঠনের সিদ্ধান্তও হয়েছে। আওয়ামী লীগ সরকারের তিন বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও চাহিদা তার চেয়ে বেশি হওয়ায় লোডশেডিং দিয়ে পরিস্থিতি শামাল দিতে হচ্ছে। তবে লোড শেডিং ১ হাজার মেগওয়াট কমেছে বলে বৈঠকে প্রধানমন্ত্রীকে জানানো হয়। দায়িত্ব নেওয়ার পর দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পথে এগোয় শেখ হাসিনা সরকার। তবে এতে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হওয়ায় তার সমালোচনাও রয়েছে। সভায় জানানো হয়, বর্তমান সরকারের গত তিন বছরে বিদ্যুৎ উৎপাদন ৩৬ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার ৩০০ থেকে ৫ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই সরকারের সময়ে বিদ্যুতের ২৪ লাখ নতুন সংযোগ দেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ঋণপত্র খোলা সহজ করা, ১৫ বছরের জন্য কর অবকাশ ও পূর্বেকার এসআরও বহাল রাখা ইত্যাদি। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও তৌফিক-ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইনামুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট সচিবরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭২২ ঘ.