ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিমুক্ত থেকে রপ্তানিকারকদের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার রাজধানীতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারি সেবা দেওয়ার সময় ব্যবসায়ীদের হয়রানির শিকার না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে ব্যবসায়ীদেরও সচেতন থাকতে হবে।”
সোনারগাঁও হোটেলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ব্র্যাক ব্যাংকের মধ্যে ‘ডিজিটাল ইপিবি প্রতিষ্ঠায় বস্ত্র বিভাগ অটোমেশন প্রক্রিয়ায় বিভিন্ন সার্ভিস ফি অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু’ সংক্রান্ত এ চুক্তি স্বাক্ষর হয়।
ইপিবি’র ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে রপ্তানিকারকরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ইপিবির সার্ভিস ফি অনলাইনে জমা দিতে পারবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম কাদের বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে ব্যবসা-বাণিজ্যে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তির ব্যবহার দেশের রপ্তানি বাণিজ্যের প্রসারে সহায়ক হবে। বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই।
তিনি বলেন, রপ্তানি বাণিজ্যে অনলাইন পেমেন্ট সিস্টেম চালুর ফলে ব্যবসায়ীরা দ্রুততম সময়ে ইপিবি’র সেবা পাবেন। এর ফলে সেবা গ্রহণে দুর্নীতি ও হয়রানির সুযোগ থাকবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৩০ ঘ.
bdnews24