২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইছামতী তীরে ইটভাটা বন্ধের দাবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ফসলি জমিতে ইটভাটা নির্মাণের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

মুন্সীগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ফসলি জমিতে ইটভাটা নির্মাণের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দোসরপাড়া গ্রামে লতুব্দী ইউনিয়ন পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে পাঁচটি গ্রামের মানুষ অংশ নেয়। কমিটির সভাপতি মো. রিপন মিয়া বলেন, বসতি এলাকায় ইটভাটার কারণে শিশুদের শ্বাসকষ্ট, চর্মরোগ, ফসলি জমি নষ্ট, নদীর পানি দূষণসহ অনেক সমস্যা দেখা দিচ্ছে। “চারদিকে বাড়ি-ঘর, পাশে ইছামতী নদী, ফসলি জমির মধ্যে ইটের ভাটা কী করে অনুমোদন পায়,” প্রশ্ন রাখেন তিনি। ১০ দিনের মধ্যে ইটের ভাটা সরিয়ে না নিলে আরো কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রিপন বলেন, “মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কীভাবে অনুমোদন দিল, তা তদন্ত করে দেখা উচিত।” কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল অভিযোগ করেন, এলাকার প্রভাবশালীদের সহযোগিতায় আবুল হাসেম ও ইব্রাহীম মুন্সী এই ইটভাটা নির্মাণ করছেন। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না । এই বিষয়ে সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই এখানে ইটের ভাটা হচ্ছে। পুলিশ ব্যবস্থা নিতে গেলে ইটভাটার মালিক পক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখালে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।” উপজেলা নির্বাহী কর্মকতা মো. ওয়াহিদুর রহমান জানান, মেসার্স রিয়াদ ব্রিক ফিল্ড ম্যানুফ্যাকচার নামের এই ইট ভাটার ছাড়পত্র থাকায় এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পরিবেশ কর্মকর্তা সোনিয়া সুলতানার সঙ্গে যোগাযোগে দফায় দফায় চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ জানান, জনবসতি এলাকায় এবং ফসলি জমির উপর ইটভাটা নির্মাণ গ্রহণযোগ্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬২০ ঘ.