চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোমবাতি প্রজ্জ্বলন ও নাগরিক সমাবেশের মধ্য দিয়ে ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে নিহত ১২৭ জনকে স্মরণ করেছে জনউদ্যোগসহ পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
সোমবার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে বক্তারা নগরী ও জেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিয়ে তাদের পুর্নবাসনের দাবি জানান।
বক্তারা বলেন, প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধভাবে বসতি স্থাপনকারী এলাকায় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। ঘটনার পরপর প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে তা কার্যকর কোন ফল বয়ে আনে না।
সমাবেশ থেকে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির ঘটনা রোধে পাহাড় সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপনকারীদের সরিয়ে তাদের স্থায়ী পুনর্বাসন এবং বসতি স্থাপনে সহায়তাকারী স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
এছাড়া কর্মসূচি থেকে বক্তারা ভূমিদস্যুদের কবল থেকে পাহাড় রক্ষায় জাতীয় উদ্যোগ গ্রহণ এবং সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ১১ জুনকে ‘জাতীয় পাহাড় রক্ষা দিবস’ ঘোষণার দাবি জানান।
সমাবেশ শেষে ১২৭ জন নিহতের স্মরণে শহীদ মিনার চত্বরে ১২৭ টি মোমবাতি প্রজ্জ্বলন করেন অংশগ্রহণকারীরা। একইসাথে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতাও পালন করা হয়।
জনউদ্যোগ, পিপলস ভয়েস ও পরিবেশ ছাত্র ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক ইউনূস হাসান, জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, ড. নুরুল বাশার, পরিবেশ ছাত্র ফোরামের আহবায়ক আতিকুর রহমান প্রমুখ।
এদিকে ১১ জুন নিহতদের স্মরণে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালে সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিটি মেয়র এম মনজুর আলম আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি রোধে সংশ্লিষ্ট পাহাড়ের মালিক ও প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
তিনি বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ভূমিহীন মানুষদের পূনর্বাসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৬তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ভবনে প্রতি পরিবারকে সহজ কিস্তিতে ২৫০ বর্গফুটের একটি আবাসন বরাদ্দ দেয়া হবে।
তিনি এ ধরনের পূনর্বাসন কর্মকান্ডে জেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সচিব মো. শামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা নূরুল আলম নিজামী, মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়া সিটি করপোরেশনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের ১১ জুন প্রবল বর্ষণের পর চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের এলাকায় পাহাড় ও দেয়াল ধসে ১২৭ জনের মৃত্যু হয়। সেসময় এ ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয় এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেয়া এবং বসবাসকারীদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে নানা কর্মসূচি গৃহীত হলেও কার্যকর কোনো ব্যবস্থা এখনো নেয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৪৩ ঘ.
bdnews24