নারায়ণগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী।
সোমবার দুপুরে ফতুল্লার পাগলার আলীগঞ্জে এ ঘটনায় নিহত সুলতানা আক্তার (৩০) পাগলা এলাকার ব্যবসায়ী জয়নুল আবেদীনের স্ত্রী। ওই সময় জয়নুল এবং তার ছেলে আহত হন।
তবে পুলিশ এটি একটি ‘দুর্ঘটনা’ দাবি করে হত্যা মামলা নিতে গড়িমসি করছে বলে জয়নুল অভিযোগ করছেন।
জয়নুল সাংবাদিকদের বলেন, দুপুরে মোটরসাইকেলে করে তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে পাগলা থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। যাত্রার কিছুক্ষণের মধ্যেই একটি ট্রাক কয়েকবার তাদের মোটরসাইকেলকে চাপা দেওয়ার চেষ্টা করে।
“এক পর্যায়ে আলীগঞ্জে ট্রাকটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুলতানার মৃত্যু হয়,” বলেন জয়নুল।
এ সময় তিনি এবং তার পাঁচ বছরের ছেলে শিব্বির আহমেদ শাওন আহত হন।
জয়নুল আরো বলেন, পাগলার নয়ামাটি এলাকার কয়েকজন সন্ত্রাসী তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় তারা পরিকল্পিতভাবে ট্রাকচাপা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।
“কিন্তু পুলিশ হত্যা মামলা নিচ্ছে না,” অভিযোগ জয়নুলের।
সুলতানার বাবা বোরাক ও আনন্দ পরিবহনের পাগলা শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চাঁন মিয়ার অভিযোগ, পাগলার মানিক ড্রাইভার ও বাবু দুই লাখ টাকা চাঁদার দাবিতে এর আগে জয়নুল আবেদীনের মোটরসাইকেলটি সাতদিনে আটকে রেখেছিল। রোববার তিনি চাঁদা না দিয়ে সমঝোতার মাধ্যমে মোটরসাইকেলটি নিয়ে আসেন।
এর জের ধরেই ট্রাকচাপা দিয়ে তার মেয়েকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন চাঁন মিয়া।
ফতল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে গিয়ে তেমন কিছু মনে হয়নি। চালকের অসতর্কতার কারণেই এ ঘটনা ঘটেছে।”
একই থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়নুল আবেদীনের অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে।
“এখনো মামলা হয়নি। ট্রাকচালক মোখলেস উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,” বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৫৫ ঘ.
bdnews24