২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২ জেলায় বিএনপি-জামায়াতের ৩০ কর্মী আটক

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণসমাবেশের আগের রাতে কুষ্টিয়া ও নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণসমাবেশের আগের রাতে কুষ্টিয়া ও নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতামূলক কাজের চেষ্টার অভিযোগে রোববার রাত ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জামায়াত ইসলামীর ১১ কর্মীকে আটক করে মডেল থানা পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল জানান, জামায়াতের একদল কর্মী বাস টার্মিনালে নাশকতামূলক কাজের চেষ্টা করছে এমন তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানান ওসি। এদিকে রোববার রাতেই নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি মো. শাহজাহান বলেন, “ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে পুলিশ দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেছে।” নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন উর-রশীদ জানান, আটককৃতদের অনেকের বিরুদ্ধেই থানায় মামলা রয়েছে। সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণসমাবেশ রয়েছে। বিকাল ৩টায় ১৮ দলীয় জোটের এই সমাবেশ থেকেই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪৪০ ঘ.