কিশোরগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ডাকা গ্রাম্য সালিশে এক বিধবাকে জুতাপেটা করা হয়েছে।
রোববার দুপুরে লোহাজুরী ইউনিয়নের কাজীর মোড়ে এ ঘটনা ঘটে।
নির্যাতিতা চার সন্তানের এই জননীকে (৩৫) কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
এ ঘটনায় তার দায়ের করা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
হাসপাতালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শতাধিক এলাকাবাসীর সালিশে লোহাজুরী ইউনিয়ন পরিষদ সদস্য আলম মিয়া, খালেক ও নজরুল, নবী নেওয়াজ, আবুল কাশেম, মাইন উদ্দিন মাস্টার ও গিয়াস উদ্দিন মাস্টারকে নিয়ে বিচারক বোর্ড করা হয়।
তারা অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে তাকে ৫০ ও তার প্রেমিক হিসেবে অভিযুক্ত স্থানীয় এক চা-দোকানদারকে ১০০ বার জুতাপেটা করেন।
তিনি আরো বলেন, গত ৩০ মে একই অভিযোগে ডাকা আরেক সালিশে গ্রামের আবদুল কাদির, কাঞ্চন মিয়া ও মোস্তফা মিয়া লাঠি দিয়ে মারধর করেন তাকে। এছাড়া তাকে সমাজচ্যুত করে রাখা হয়।
বিচারকদের একজন আলম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক বোর্ড ওই নারীকে ৫০ এবং তার প্রেমিককে ১০০ বার জুতাপেটার নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়।”
তবে তিনি এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বলে দাবি করেন।
লোহাজুরী ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফতোয়ার বিষয়ে সব মেম্বারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এ ঘটনাটি আমার অজান্তে হয়েছে।”
তবে এ ঘটনায় আটক ফজলুল হক বলেন, “আমি ঘটনার সঙ্গে জড়িত নই। ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।”
কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, নির্যাতিত ওই নারীকে তার বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ফজলুল হক (৪৮), আব্দুল কাদির (৫০), আব্দুল করিম (৫০) ও আব্দুল মান্নান (৪৮) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩৪৭ ঘ.
bdnews24