ঝালকাঠী, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি’র মহাসমাবেশের একদিন আগে ঝালকাঠী থেকে ঢাকাগামী সব বাস হঠাৎ বন্ধ হয়ে গেছে।
রোববার সন্ধ্যা থেকে মালিকপক্ষ এ নির্দেশ দেয় বলে কয়েকজন কর্মচারী জানান।
সাকুরা পরিবহনের ঝালকাঠী কাউন্টার ইনচার্জ কমাল মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিকপক্ষের নির্দেশে সাকুরাসহ ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ এ নির্দেশ আসায় বহু যাত্রী বাস টার্মিনাল থেকে ফিরে গেছে বলে তিনি জানান।
ঝালকাঠী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির মহাসমাবেশে যেতে না দিতে সরকার দলীয় বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
তবে মহাসমাবেশে অংশ নিতে ইতোমধ্যেই দুই শতাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশে বিভিন্নভাবে রওনা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক সমিতি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। মালিকপক্ষের কেউ কেউ হয়তো নিজেদের মতো করে এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
এদিকে সন্ধ্যা ৬টায় ঝালকাঠী ঘাট থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ এমভি টিপু ছেড়ে যায় বলে জানিয়েছেন করণিক মো. মিজান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.
bdnews24