ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার বিষয়ে আগামী ১৪ জুন আদেশ দেবে ট্রাইব্যুনাল।
আসামিপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার আদেশের এই দিন রাখেন।
একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও লুটপাটের ছয় ধরনের অপরাধে গত ২৮ মে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এরপর তার আইনজীবীরা ওই আদেশ পুনর্বিবেচনার এই আবেদন করেন।
আগামী ২০ জুন প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারিত রয়েছে।
রোববার শুনানিতে অংশ নিয়ে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মূলত তিনটি বিষয়ে যুক্তি তুলে ধরেন। তার মূল বক্তব্য, কাদের মোল্লা আলবদর নেতা নন, যেসব ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে সেগুলো মানবতাবিরোধী অপরাধ নয় এবং একই ঘটনায় তাকে প্রধান আসামি করা হচ্ছে, আবার সহযোগীও বলা হচ্ছে- এটা আইনসম্মত নয়।
রাজ্জাক বলেন, “প্রসিকিউশন কাদের মোল্লাকে কোথাও আলবদর বলেনি। ট্রাইব্যুনাল নিজেই আলবদর উল্লেখ করে অভিযোগ গঠন করেছেন। তথ্য-প্রমাণ দিয়ে কোথায় দেখানো হয়নি যে এই জামায়াত নেতা আলবদর নেতা ছিলেন। তার বিরুদ্ধে একটা দায়সারা গোছের অভিযোগ আনা হয়েছে।”
ট্রাইব্যুনাল এ সময় বলেন, “আমরা সাক্ষীদের জবানবন্দি ও কাদের মোল্লা সম্পর্কে দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযোগ গঠন করেছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থাকার সময় ইসলামী ছাত্রসংঘ করতেন। পরে ওই সংগঠনের নেতা-কর্মীরাই আলবদর বাহিনীতে যোগ দেয় বলে তথ্য রয়েছে। এছাড়াও ৬টি অভিযোগের বিভিন্ন স্থানে আলবদরের বিষয়টি উল্লেখ রয়েছে।”
“আমরা প্রসিকিউশনের অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করেছি। এখন এই অভিযোগ প্রমাণের দায়িত্বও প্রসিকিউশনের। তাছাড়া অভিযোগে উল্লেখ করার অর্থ এই নয় যে তিনি আলবদর”, বলেন ট্রাইব্যুনাল।
কাদের মোল্লা মানবতাবিরোধী অপরাধ করেননি দাবি করে আব্দুর রাজ্জাক বলেন, “পল্লব ও কবি মেহেরুন্নেসার ঘটনা নিছক হত্যাকা-। এখানে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা অনুযায়ী অভিযোগ গঠন করা যায় না। এছাড়াও এসব ঘটনায় একবার কাদের মোল্লাকে প্রধান অপরাধী করা হয়েছে, পরক্ষণেই আবার সহযোহিতার অভিযোগ আনা হয়েছে- এটাতো হতে পারে না। হয় সে প্রধান আসামী হবে; না হয় সে সহযোগী হবে। দুটোই হবে না।”
এসব বিষয়ের জবাব দিতে গিয়ে প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেন, “ফরমাল চার্জই সবকিছু নয়। এটা বিচার প্রক্রিয়া শুরুর বিষয় মাত্র। তিনি যে আলবদর তা ফরমাল চার্জে না থাকলেও এ বিষয়ে দেওয়া তথ্য-প্রমাণে আছে।”
তিনি ট্রাইব্যুনালকে বলেন, “পল্লব ও মেহেরুন্নেসার হত্যাকা- সাধারণ হত্যাকান্ড নয়, এটা গণহত্যা। কেননা পল্লবের সঙ্গে কয়েকজনকে এবং মেহেরুন্নেসার সঙ্গে তার দুই ভাই ও মাকে হত্যা করা হয়েছে। এটা মানবতাবিরোধী অপরাধ, কেননা তার স্বাধীনতার সমর্থক ছিলেন। এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। সর্বোপরি তারা বাঙ্গালি জাতিগোষ্ঠীর সদস্য ছিলেন।”
আসামিপক্ষের আবেদনের বিরোধিতা করে মোহাম্মদ আলী বলেন, “তার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে তা সঠিক। এর প্রত্যেকটা ঘটনা প্রমাণ করা দায়িত্ব আমাদের। আমরা তা প্রমাণও করে দেব। এই অভিযোগ পুনর্বিবেচনার সুযোগ নেই।”
কাদের মোল্লার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করার পর গত ১৬ মে অভিযোগ গঠনের বিষয়ে পক্ষে-বিপক্ষে শুনানি শেষ হয়।
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৬৫০ ঘ.
bdnews24