২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোজ্যতেলের গুদামে আগুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কনফিডেন্স গ্রুপের ভোজ্যতেলের একটি গুদামে আগুন লেগে বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কনফিডেন্স গ্রুপের ভোজ্যতেলের একটি গুদামে আগুন লেগে বিভিন্ন মালামাল পুড়ে গেছে। রোবাবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ফুলতল এলাকায় অবস্থিত ভোজ্যতেলের গুদামে আগুন লাগে বলে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা জানান। কনফিডেন্স গ্রুপ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের পাশে কনফিডেন্স সল্ট ও ভোজ্যতেলের মূল কারখানা থাকলেও আগুন থেকে তা রক্ষা পেয়েছে। ভোজ্যতেলের প্রধান প্ল্যান্টেরও কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ওই প্রতিষ্ঠানের স্টোর রুমে থাকা ভোজ্যতেল, মেশিনারিজ, রঙ ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। “আগ্রাবাদসহ চারটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও প্রচন্ড ধোঁয়া নির্গত হচ্ছে।” কনফিডেন্স ভোজ্যতেলের ব্যবস্থাপক নওশেদ ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে গুদামে কেউ আসার আগেই আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা আমাদের জানা নেই।” ফায়ার ব্রিগেড আগুন লাগার কারণএবং ক্ষয়ক্ষতি নিরূপণ করতে না পারলেও নওশেদ ইমতিয়াজ দাবি করেছেন, আগুনে আনুমানিক ছয় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/আরএ/১৪১৬ ঘ.