চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুকুর লেলিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যা ঘটনায় মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন মানবাধিকার সংগঠক।
শনিবার সকালে নগরীর হেম সেন লেইনে তারা হিমাদ্রীর বাসায় গিয়ে মা গোপা মজুমদার ও বাবা প্রবীর মজুমদারের সঙ্গে কথা বলেন। এ সময় হিমাদ্রীর স্বজনরা আসামিদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন।
মানবাধিকার সংগঠকদের ওই দলে ছিলেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, ব্যারিস্টার সারাহ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী।
পরে সারাহ হোসেন সাংবাদিকদের বলেন, কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে এই ধরনের হত্যাকা-ের পর এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেপ্তার না হওয়া মেনে নেওয়া যায় না। এ নিয়ে পুলিশের তৎপরতাও সন্তোষজনক নয়।
মানবাধিকার সংগঠকরা দুপুরে পুলিশের কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ বিষয়ে ক্ষোভের কথা জানান।
ঘটনার এতদিন পরও একজন আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করতে না পারাটা ভাবনার বিষয় বলে মন্তব্য করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তিনি বলেন, এই কারণে পুলিশ কমিশনারের কাছে গিয়ে অগ্রগতি জানতে চেয়েছি।
এ বিষয়ে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মামলার অগ্রগতি, তদন্ত এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তার নিয়ে কথা বলেছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি- এ মামলায় আমাদের ওপর কোনো চাপ নেই। দোষীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধান আসামির পলায়ন!
মামলার প্রধান আসামি জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ লন্ডনে পালানোর যে খবর বের হয়েছিল সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, “জুনায়েদের পাসপোর্ট নম্বর দিয়ে আমরা বিমানবন্দর ও ২৫টি স্থলবন্দরে তল্লাশি করেছি। কিন্তু তার পলায়নের সত্যতা মেলেনি।
গত ২৭ এপ্রিল পাঁচলাইশের চারতলা একটি ভবনের ছাদ থেকে কুকুর লেলিয়ে ও পরে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুরুতর আহত হন সামার ফিল্ড স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৩ মে তিনি মারা যান।
এ ঘটনায় হিমাদ্রীর মামা প্রকাশ দাশ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন ওরফে সাজু, ডেনি ও শাওনকে আসামি করা হয়।
এরই মধ্যে শাহদাতকে কক্সবাজার জেলার টেকনাফ থেকে পুলিশ গ্রেপ্তার করলেও অন্যরা পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৫৮ ঘ.
bdnews24