ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরীন তার এ বিজয়কে দেশের নারীমুক্তি আন্দোলনের সঙ্গে সংশ্লি¬ষ্টদের প্রতি উৎসর্গ করেছেন।
শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে রায়েরবাজার বধ্যভূমিতে একাত্তরে স্বাধীনতাবিরোধীদের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এ বিজয়ে দেশের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এটা আমার একার বিজয় নয়। বাংলাদেশের মানুষ উৎসাহ না দিলে এটা কখনোই অর্জিত হতো না।”
“আমি আমার এ বিজয়কে দেশের নারীমুক্তি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি উৎসর্গ করছি।”
বিপদসঙ্কুল পথ পেরিয়ে এভারেস্টের চূড়ায় ওঠার সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে কখনো ফিরে আসার কথা মনে হয়েছে কিনা- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওয়াসফিয়া বলেন, “কখনো ফিরে আসি এটা মনে হয় নি। তবে মরে যাবো এমনটা মনে হয়েছিল।”
ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, “ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প ফোর এ ওঠার সময় ক্যাম্প থ্রি পুরোটাই তুষারধসে ঢাকা পড়ে যায়। একটু আগেই আমরা ওখানে ছিলাম। ওখানে থাকলে মৃত্যু নিশ্চিত ছিল।”
তাছাড়া একবার পিছলে পড়েও শেরপার কারণে বেঁচে গেছেন বলে জানান ওয়াসফিয়া।
চূড়ায় ওঠার অভিজ্ঞতা বর্ণনায় তিনি বলেন, “সকাল ৬টা ২৫ মিনিটে আমি যখন এভারেস্টের চূড়ায় উঠি তখন সূর্যোদয় হচ্ছে। ওখান থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার মিটার উচ্চতার মাকালু ও কুমারুর চূড়া দেখা যাচ্ছিলো। যে চূড়াগুলো সব সময় মাথা উঁচু করে দেখতে হতো সেগুলো ছিলো আমার নিচে। এ সৌন্দর্য ভাষায় কিংবা কোন ছবি দিয়ে প্রকাশ করা অসম্ভব।”
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা নারী যোদ্ধাদের প্রচারণা চালাতে চান এই এভারেস্ট বিজয়ী।
এ বিষয়ে তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা নারীদের আমরা চল্লিশ বছরেও সম্মান দিতে পারিনি। প্রতিটি মহাদেশের চূড়া থেকে আমি তাদের কথা সারা পৃথিবীকে জানাতে চাই।”
বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্ট জয়ী ওয়াসফিয়া দুর্নীতি ও অপরাজনীতি বাদ দিয়ে তরুণদের একযোগে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া নারীদের হাতেকলমে প্রশিক্ষণের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র শুরু করার ঘোষনাও দেন তিনি।
ওয়াসফিয়ার ভাষায়, “আশা করি ২০১৩ সাল থেকে আমরা এর কাজ শুরু করতে পারবো। প্রাথমিক ভাবে ৫০ জন নারীকে এই আউটডোর প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে।”
বেস ক্যাম্পে থাকা অবস্থায় প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয়ী নিশাত মজুমদারকে অভিনন্দন জানাতে ভুলে যাননি এই দ্বিতীয় এভারেস্টজয়ী।
তিনি বলেন, “নিশাত আপা যেদিন এভারেস্ট জয় করলেন সেদিন আমি ক্যাম্প থ্রিতে ছিলাম। এক সপ্তাহে দুজন বাংলাদেশি নারী এভারেস্ট জয়ের বিষয়টি অত্যন্ত গর্বের।”
সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয়ের লক্ষ্য নিয়ে অভিযানে নেমে গত ২৬ মে দক্ষিণ দিক দিয়ে এভারেস্ট জয় করেন ২৯ বছর বয়সি ওয়াসফিয়া। হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার আগে গত বছর তিনি আফ্রিকার মাউন্ট কিলিমানজারো এবং দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়ায় আরোহন করেন।
ওয়াসফিয়া এভারেস্টের চূড়ায় ওঠার এক সপ্তাহ আগে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। এরপরই চতুর্থ বাংলাদেশি হিসেবে এই গৌরবের অংশীদার হন ওয়াসফিয়া ।
২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তার পথ ধরে সর্বোচ্চ চূড়া জয় করেন এম এ মুহিত ও নিশাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এমআই/এএল/১৬৫০ ঘ.
bdnews24