দিনাজপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের সহ-সভাপতি ফাইম মাহফুজ বিপুল (২৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শনিবার দুপুরে সন্ত্রাসীদের এ হামলায় নিহত ফাইম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অনুষদের শেষ বর্ষের ছাত্র।
তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহরি গ্রামের মাহফুজার রহমান বাবলার ছেলে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক বলরাম রায় সাংবাদিকদের বলেন, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় বাঁশেরহাট বাজারে চা খেতে গেলে কয়েকজন ‘চিহ্নিত বহিরাগত সন্ত্রাসী’ ফাইমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পুলিশ সুপার ময়নুল ইসলাম সাংবাদিকদের বলেন, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান চলছে।
তদন্তের স্বার্থে তিনি হামলাকারীদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানান।
বিশ্ববিদ্যালয় এলাকায় র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০৩ ঘ.
bdnews24