ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লীতে বহুকাল ধরে চলে আসা বিচারের ধরনকে গ্রাম আদালত গঠনের মাধ্যমে আইনি কাঠামোর মধ্যে আনা হলেও এতে ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কার যেন প্রশ্রয় না পায় সে জন্য সংশ্লিষ্টদের সচেতন থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার গ্রাম আদালত সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, তার কেন্দ্র হচ্ছে ইউনিয়ন পরিষদ তথা তৃণমূল পর্যায়।
স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে সরকারের আন্তরিকতার কথাও তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, “অনাদিকাল ধরে আমাদের দেশে মুরুব্বিরা অনানুষ্ঠানিকভাবে ছোটখাট বিরোধের মীমাংসা করতেন। এখন তা আর নেই। এই ধারণাটিকেই আনুষ্ঠানিকতা এবং আইনি কাঠামো দেওয়ার লক্ষ্যে গ্রাম আদালত আইন প্রণয়ন করা হয়।”
উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, এটা একদিকে যেমন অসাধারণ ক্ষমতা, তেমনি একটি গুরুদায়িত্ব। এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কারো প্রতি কোনো পক্ষপাত না দেখাতে তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
“তবে ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামিকে যেন প্রশ্রয় দেওয়া না হয়। মানুষকে বুঝিয়ে এবং সমঝোতার ভিত্তিতে বিরোধের নিষ্পত্তি করতে হবে,” বলেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “কাউকে দোররা মারা বা চুল কেটে সারা গ্রামে ঘোরানো সবাইকে ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে।”
ব্রিটিশ শাসনামলে ‘বেঙ্গল গ্রাম চৌকিদারি আইন-১৮৭০’ অনুযায়ী পঞ্চায়েত নামে প্রথম সালিশি ব্যবস্থার প্রচলন করা হয়। ১৯১৯ সালে বেঙ্গল ‘ভিলেজ সেলফ গভর্মেন্ট আইন-১৯১৯’ এর মাধ্যমে কিছু ফৌজদারি ও দেওয়ানি বিষয়ে বিচারিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন আদালত চালু করা হয়।
প্রায় একই ধরনের ক্ষমতা দিয়ে কনসিলিয়েশন কোর্টস অর্ডিনেন্স-১৯৬১ এর মাধ্যমে কনসিলিয়েশন কোর্ট প্রতিষ্ঠা করা হয়, যার ধারাবাহিকতায় ১৯৭৬ সালে ‘গ্রাম আদালত অধ্যাদেশ-১৯৭৬’ এবং ২০০৬ সালে ‘গ্রাম আদালত আইন’ পাস হয়।
গ্রাম আদালত আইনকে কার্যকরে স্থানীয় সরকার বিভাগ ২০০৯ সালে একটি প্রকল্প গ্রহণ করে। ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহাযোগিতায় প্রাথমিক পর্যায়ে দেশের ৩৫০টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যকরের কাজ চলছে।
আরো চার হাজার ইউনিয়নে গ্রাম আদালত চালু করার উদ্যোগ সরকার নিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
গ্রাম আদালত চালু করতে প্রতিটি ইউনিয়নে একজন করে আদালত সহকারী নিয়োগ দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন বলেও জানান তিনি।
শেখ হাসিনা আশা করছেন, গ্রাম আদালত দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে।
তিনি আরো বলেন, “মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের কল্যাণের কথা বিবেচনা করে আমরা ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী, কার্যকর ও আত্মনির্ভরশীল করতে চাই। সকল উন্নয়ন কর্মকা- এবং জনকল্যাণকর কর্মসূচি বাস্তবায়নের কেন্দ্রবিন্দু হবে ইউনিয়ন পরিষদগুলো।”
“আমরা শক্তিশালী স্থানীয় সরকার কার্যকর করতে চাই। শুধু ঢাকা শহরের মানুষের সুযোগ-সুবিধা দেখব, এটা আমাদের সরকারের লক্ষ্য নয়। পুরো দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য,” বলেন তিনি।
জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার কথা জানিয়ে রংপুরেও অচিরেই সিটি কর্পোরেশন হবে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরো জানান, পরিকল্পিত নগর উন্নয়নের জন্য ২৩টি জেলা সদরের পৌরসভা এবং ২২৩টি উপজেলা সদরের পৌরসভার ‘মহাপরিকল্পনা’ তৈরি হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খানের সভাপতিত্বে দু’দিনব্যাপী গ্রাম আদালত সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স মিলকো ভ্যান গুল।
‘অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের প্রকল্প পরিচালক কে এম মোজাম্মেল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
সম্মেলন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ফরিদপুরের কৌখালি ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরআরডি/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24