ফেনী, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুইজন নিহত হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার শিলুয়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাক্টর মালিক পশ্চিম শিলুয়ার ছাইদুল হক পাটোয়ারি (৩৫) ও ট্রাক্টর চালক একই গ্রামের মো. ছাদেক।
ছাগলনাইয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ট্রাক্টরটি পশ্চিম শিলুয়া থেকে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা স্টার লাইন পরিবহনের বাস ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়।
আহত ছাইদুল ও ছাদেককে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৩৩৫ ঘ.
bdnews24