২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পদমর্যাদা না বাড়ায় অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ

এর পেছনে অর্থমন্ত্রীর আবুল মাল আব্দুল মুহিতের ভূমিকা রয়েছে বলে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নেতারা মনে করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও পুলিশের পরিদর্শকদের পদমর্যাদা প্রথম শ্রেণী এবং উপপরিদর্শকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে পুলিশ সদস্যরা। এর পেছনে অর্থমন্ত্রীর আবুল মাল আব্দুল মুহিতের ভূমিকা রয়েছে বলে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নেতারা মনে করছেন। পরিদর্শক (ইন্সপেক্টর) থেকে কনস্টেবল পর্যায়ের পুলিশ সদস্যদের নিয়ে এই সংগঠন গঠিত। পদমর্যাদার উন্নয়ন সংক্রান্ত ফাইল অর্থমন্ত্রীর টেবিলে পড়ে আছে বলে দাবি করে পুলিশ এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী দুইবার বলার পরেও এ সংক্রান্ত ফাইল অর্থমন্ত্রীর টেবিলে কেন পড়ে আছে এটাই এখন আমাদের প্রশ্ন।” এ নিয়ে তারা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন বলেও জানান তিনি। শাহবাগ থানার ওসির দায়িত্বে থাকা সিরাজুল ইসলামসহ তাদের সংগঠনের কয়েকজন নেতা বুধবার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুল হকের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে তাদের পদমর্যাদার উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার নিজেদের মধ্যে সভা করে সিদ্ধান্ত পরদিন অতিরিক্ত মহাপরিদর্শকের সঙ্গে দেখা করে জানিয়ে এসেছেন। নাম প্রকাশ না করার শর্তে এসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, সম্প্রতি এক সেমিনারে পুলিশের ঘুষ খাওয়া নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে এসোসিয়েশনের সভায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী এক অনুষ্ঠানে বলেন, সবখানে দুর্নীতি ছেয়ে গেছে। আর এই দুর্নীতির শীর্ষে পুলিশ বাহিনী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে সবাই ঘুষ খায়। ওই কর্মকর্তা জানান, ফেনীতে সরকারি সম্পত্তি দখলমুক্ত করার ঘটনা নিয়ে সদর থানার ওসি নাজিমউদ্দিনকে প্রত্যাহার যুক্তিসংগত হয়নি বলে সভায় সিদ্ধান্ত হয়। এ নিয়ে সভায় নিন্দাও প্রকাশ করা হয়। প্রায় এক মাস আগে থানার পাশে একটি সম্পত্তি থেকে দখলদারদের উচ্ছেদের সময় সহকারি কমিশনার (ভূমি), ইউএনও এবং ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফেনী সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সঙ্গে দেখা করে তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছে। হতাশ না হয়ে তাদের ভালোভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।” তিনি বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই সে অনুযায়ী তাদের কাজ করার পরামর্শ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/এসইউ/১৭২৩ ঘ.