শেরপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরে অপহরণ করে দুর্বৃত্তের বাড়িতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনে অসুস্থ মেয়েটিকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার দুপুরে শহরের চকবাজার মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার শেরপুর সদর থানায় মেয়েটির বাবা মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন শহরের চকবাজার মহল্লার শিবলী ওরফে রতœ (৩০), তার বাবা মো. নুরুল হুদা (৫৫), মা জেসমিন হুদা (৫০) এবং ছোট ভাই মো. রাকিব (২৫)।
মামলার বরাত দিয়ে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের বাড়ি থেকে ওই তরুণী রিকশায় শেরপুর শহরে আসছিলেন।
দুপুর ১টার দিকে রিকশাটি এটিআই তিন রাস্তার মোড়ে পৌঁছলে শিবলী ও তার তিন সহযোগী রিকশা থামিয়ে মেয়েটিকে অপহরণ করে শিবলীর চকবাজারের বাসায় নিয়ে ধর্ষণ করে।
মামলায় আরো বলা হয়, অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করে শিবলী পালিয়ে যায়।
ওসি খায়রুল বাশার আরো বলেন, বাসায় নেওয়ার পর চিৎকার করলেও ধর্ষকের মা, বাবা ও ভাই তাকে সহায়তা না করায় মামলায় তাদের আসামি করা হয়েছে।
আসামিরা সবাই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫১ ঘ.
bdnews24