ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়ে তাতে প্রথমবারের মতো অনগ্রসর জনগোষ্ঠী দলিত, হরিজন, বেদে ও হিজড়াদের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন খাতের জন্য ২২ হাজার ৭৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
এই অংক জিডিপির দুই দশমিক ১৮ শতাংশ।
তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি এ দেশের যে সব জনগণ দারিদ্র সীমার নিচে রয়েছে তাদের দারিদ্র সীমার নীচ থেকে তুলে আনতে। তাই আমরা এ দরিদ্র অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানের সঙ্গে সঙ্গে তাদের সামাজিকভাবে ক্ষমতায়ন করতে চাই।”
গ্রামের ৩০ দশমিক ১ শতাংশ এবং দেশের প্রায় ২৫ দশমিক ৩ শতাংশ পরিবারকে সরকারের বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় আনার দাবি করেন তিনি।
বিভিন্ন প্রকার ভাতা
মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা কার্যক্রমের আওতায় ১ লাখ ৫০ হাজার সুবিধাভোগীর জন্য ৩৬০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ১ লাখ ১২০০ জনে উন্নীত করে ৪২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২৪ লাখ ৭৫ হাজার বয়স্ক ভাতাভোগীর জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৮৯১ কোটি টাকা।
৯ লাখ ২০ হাজার বিধবা ও স্বামী ‘পরিত্যক্তা’ নারীর ভাতার জন্য ৩৩১ কোটি ২০ লাখ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ভিজিডি কর্মসচির আওতায় ৭ লাখ ৫০ হাজার নারীর জন্য মাসে মাথাপিছু ৩০ কেজি চাল বরাদ্দ অব্যাহত থাকবে।
পাশাপাশি ভিজিএফ কার্ডের সংখ্যা ৩ কোটি ১১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি ৪২ লাখে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
অনগ্রসর দলিত, হরিজন, বেদে ও হিজরা স¤প্রদায়ের জীবনমান উন্নয়নে ১৪ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকা এতিম শিশুদের মাসিক খোরাকি ভাতা ইতোমধ্যে ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকায় উন্নীত করা হয়েছে। এ খাতে ২৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেন তিনি।
“এছাড়া বেসরকারি এতিমখানার শিশুদের জন্য জনপ্রতি মাসিক এক হাজার টাকা করে মোট ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি”, বলেন মুহিত।
আগামী অর্থবছরে প্রতিবন্ধীদের জন্য নেওয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ১৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন মুহিত।
আগামী বছর ৩০টি ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে।
অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের জন্য ১২০০ কোটি টাকা, ‘একটি বাড়ি একটি খামার’ ও ‘আশ্রয়ন’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসনে ৬৫০ কোটি টাকা এবং ভিক্ষুক পুনর্বাসনে ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/২১২৯ ঘ.
bdnews24