২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজেট বাস্তবায়ন হবে দুঃসাধ্য’

সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম মনে করেন, যেসব খাত থেকে অর্থ্ পাওয়ার আশা নিয়ে এ বাজেট করা হয়েছে, সে সব উৎস থেকে কাঙ্ক্ষিত পরিমাণে টাকা অর্থমন্ত্রী পাবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, ০৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের জন্য ১ লাখ ৯২ হাজার কোটি টাকার যে বাজেটের প্রস্তাব অর্থমন্ত্রী দিয়েছেন, তার বাস্তবায়ন ‘দুঃসাধ্য’ হবে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি মনে করেন, ঋণনির্ভর এই বাজেট বাস্তবায়ন করতে গেলে কাঙ্খিত প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য অর্জনও কঠিন হয়ে পড়বে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বাজেট প্রস্তাব উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জ্জা আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন বাজেট নিয়ে সার্বিকভাবে আমার প্রশ্ন অর্থায়ন নিয়ে। অর্থমন্ত্রী বাজেটে যে সব উৎসেে ক র্অ আসবে বলে আশা প্রকাশ করেছেন, আমার বিবেচনায় তিনি সে সব খাতেে ক প্রত্যাশিত র্অ পাবেন না।” অর্থমন্ত্রী বাজেটে বৈদেশিক সাহায্য হিসেবে ২১ হাজার কোটি টাকা আসবে বলে প্রত্যাশা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতির বিবেচনায় তা সম্ভব হবে না বলেই মির্জ্জা আজিজের আশঙ্কা। তিনি বলেন, “ডলারের হিসাবে এই অংক ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। বর্তমানে বৈদেশিক সাহায্যের প্রবাহ খুবই খারাপ।” “সরকারি হিসাবে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৮৩৫ মিলিয়ন ডলারের বিদেশি সাহায্য এসেছে। এ কারণে আমার মনে হয়, আগামী অর্থবছরে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য পাওয়া অসম্ভব”, যোগ করেন তিনি। অভ্যন্তরীণ উৎস থেকেও কাক্সিক্ষত অর্থায়ন আসবে না- এমন মন্তব্য করে সাবেক এই উপদেষ্টা বলেন, ঘাটতি মেটাতে বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে সাড়ে ৩৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ২৩ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ৭ হাজার ৪০০ টাকা ধার করার কথা বলা হয়েছে। “কিন্তু বাস্তবতা হচ্ছে- চলতি অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে মাত্র ৩২৮ কোটি টাকা। ফলে এ খাত থেকে কোনো ঋণ নিতে পারেনি সরকার। অথচ নতুন বাজেটে সঞ্চয়পত্র থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমার বিবেচনায় এবারও সরকার এ খাত থেকে কোনো ঋণ নিতে পারবে না।” মির্জ্জা আজিজের মতে, আগামী অর্থবছরেও সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে চলতে হবে। “আর এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে। যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে। সেক্ষেত্রে বাজেটে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিও যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা নাও অর্জিত হতে পারে,” বলেন তিনি। এসইসির সাবেক এই চেয়ারম্যান মনে করেন, সরকার ঋণ নেওয়ার বদলে বিকল্প হিসাবে খরচ কমানোর চেষ্টা করলে তাতে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, “ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি ঋণ নিলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ারও ভয় রয়েছে।” আর সেক্ষেত্রে গড় মূল্যস্ফীতির হার বাজেটের প্রত্যাশা অনুযায়ী ৭ দশমিক ৫ শতাংশে বেঁধে রাখাও কঠিন হবে বলে মত দেন মির্জ্জা আজিজ। তিনি বলেন, “তাই আমার বিবেচনায় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা বাস্তবায়ন দুঃসাধ্য হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২১০৭ ঘ.