২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু

রাজধানীর ওয়ারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও তার ছেলেসহ একটি পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওয়ারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও তার ছেলেসহ একটি পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- গৃহবধূ রওশন আরা মেরী (৫৫) ও তার ছেলে রেজা আজিজ (৩৭) এবং তাদের গৃহকর্মী তাসলিমা (২২)। বৃহস্পতিবার সকালে টিকাটুলীর অভয় দাস লেনের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানায়। ওয়ারি থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে অভয় দাস লেনের তৃতীয় তলার একটি ভবনের নিচতলায় তারে কাপড় শুকাতে দেওয়ার সময় গৃহকর্মী তাসলিমা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। একইভাবে আজিজের মা মেরীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে তিনি জানান। ওসি বলেন, কাপড় শুকাতে দেওয়ার জন্য জানালার গ্রিল থেকে জি আই তার টানা হয়েছিলো। দুর্ঘটনাবশত গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় ওই তারও বিদ্যুতায়িত হয়ে যায়। তাই তারে ভেজা কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে তাসলিমা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এএইচ/১৮২১ ঘ.