শেরপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে মামলার সাক্ষী ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় কামারুজ্জামানের মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক খান পিপিএম, শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান, র্যাব-৯ এর কোম্পানি কমান্ডরা মো. কামাল হোসেন, সদর থানার ওসি মো আকরাম হোসেন ও এনএসআইয়ের সহকারী পরিচালক আব্দুল কাদের খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক খান সাংবাদিকদের বলেন, সভায় কামারুজ্জামানের বিরুদ্ধে যারা সাক্ষী দেবেন তাদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৬৪৫ ঘ.
bdnews24