নারায়ণগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার বিচারাধীন এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ (২৮) নামে ওই আসামি মারা যান।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফিরোজকে দ্রুত কারাগার হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার কোনো উন্নতি না হলে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
দুই মাস আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরের জিমখানা এলাকা থেকে মাদকসহ ফিরোজকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৫১৪ ঘ.
bdnews24