সিরাজগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচামাল ব্যবসায়ী জুয়েল রানা হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জের সব কাঁচাবাজার এবং আড়তদার ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছে।
বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ধর্মঘট রাত পর্যন্ত চলবে। ধর্মঘটের কারণে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছে।
কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন জানান, গত ২০ মে রাতে সদর উপজেলার জানপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী জুয়েলকে শহরের ইলিয়ট সেতুর ওপর সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ২০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যায়।
এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪১৭ ঘ.
bdnews24