২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো-ডেইলি স্টারের সংবাদে ক্ষোভ সংসদীয় কমিটির ক্ষোভ

অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে প্রকাশিত একটি সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে প্রকাশিত একটি সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পত্রিকাটি দুটি ‘খণ্ডিত ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করেছে বলে সংসদীয় কমিটির দাবি। একই ধরনের সংবাদ প্রকাশ করায় দৈনিক সমকালের বিষয়েও একই প্রতিক্রিয়া দেখিয়েছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে বুধবার হাসানুল হক ইনুর সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠকে তিনটি পত্রিকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “গতকাল (মঙ্গলবার) প্রথম আলো, ডেইলি স্টার ও সমকালসহ কয়েকটি প্রধান দৈনিক পত্রিকায় বাংলাদেশ টেলিফোন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের বিষয়ে খণ্ডিত, উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করায় বৈঠকে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করা হয়।” সংসদীয় কমিটি দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকাগুলোতে প্রকৃত ব্যাখ্যা পাঠানো ও তার প্রকাশ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে সঠিক তথ্য পাওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। একটি মহল দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুুন্ন এবং দেশকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে দাবি করে সংসদীয় কমিটি তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া অন্যায়ভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আদালতে বিচারাধীন কোনো বিষয়ে গণমাধ্যমে আংশিক বা খণ্ডিত তথ্য প্রকাশ করে আদালতকে প্রভাবিত করার অপচেষ্টা না চালানোর আহ্বানও জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এমআই/২২৫৬ ঘ.