২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় হারানো পুলিশের দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে বার্জের ধাক্কায় পুলিশের ট্রলার ডুবিতে খোয়া যাওয়া দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে বার্জের ধাক্কায় পুলিশের ট্রলার ডুবিতে খোয়া যাওয়া দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বুধবার বেলা আড়াইটার দিকে ট্রলারটি উদ্ধারের পর ট্রলারের মধ্যেই অস্ত্র দুটি পাওয়া যায় বলে জানান দমকল বাহিনীর সদরঘাট স্টেশনের মাস্টার মো. শরিফ। এর আগে দুপুর ১২ টার দিকে ফরাসগঞ্জ বরাবর বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বার্জের ধাক্কায় পুলিশের ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে পুলিশের তিন কনস্ট্যাবল ছিলেন। আশপাশের মাঝিরা নৌকা নিয়ে এসে পুলিশের তিন সদস্যকে উদ্ধার করলেও ট্রলারটি পানিতে ডুবে যায়। পুলিশের সঙ্গে থাকা একটি রাইফেল ও একটি শর্টগান তলিয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় তিনজন পুলিশ সদস্য পুলিশের ট্রলারে করে টহল দিচ্ছিল। হঠাৎ একটি বালুবাহী বার্জের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। আশপাশের মাঝিরা নৌকা নিয়ে এসে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করেন। দুর্ঘটনায় কেউ আহত হননি জানিয়ে ওসি বলেন, ঘটনার পরই বালুবাহী বার্জটি পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এইচএ/২১২০ ঘ.