কুমিল্লা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইন থেকে লাশ হয়ে ফিরে আসা ১০ শ্রমিকের দাফন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে নয় জনকে দাফন করা হয়েছে কুমিল্লায় এবং একজনকে চাঁদপুরে।
গত ২৭ মে ভোরে বাহরাইনের পূর্ব রাফিয়ায় ঘরে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১০ বাংলাদেশি নিহত হয়। এরপর সেখানকার সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের হিমঘরে তাদের মরদেহ রাখা ছিলো। ক্ষতিপূরণ দাবি করায় আইনগত প্রক্রিয়া শেষে ১১দিন পর হতভাগ্য শ্রমিকের মরদেহ বুধবার ভোরে বাংলাদেশে এসে পৌঁছায়।
বিমান বন্দরে ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুরেই পরিবারের সদস্যরা স্বজনদের লাশ নিয়ে যান।
এরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভূশ্চির মগের কলামিয়া গ্রামের আবদুল জাব্বারের ছেলে হানিফ মিয়া (৪৮), জামিরা গ্রামের কাশেম মিয়ার ছেলে মনির হোসেন (২৭), ভূশ্চি পূর্বপাড়ার ছিদ্দিকুর রহমান (২৫), লাকসামের মোহনপুর গ্রামের শাসসুল হকের ছেলে শাহ আলম ওরফে নুরুল ইসলাম (৪৫), লাকসামের যশপুরের লাল মিয়ার ছেলে খোরশেদ আলম (২৫), উত্তরদা গ্রামের আনোয়ার হোসেন (৪০), সুসন্ডা গ্রামের আবু তাহের (৩৮), চৌদ্দগ্রামের আবুল হাসেম (৩৫) এবং চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সৈয়দ আহমেদ (৪৫)।
বিকাল সাড়ে ৩টার দিকে দুটি মাইক্রোবাসে মগের কলমিয়া গ্রামে শ্বশুর হানিফ মিয়া ও জামাতা মনির মিয়ার লাশ এসে পৌঁছে।
লাশ সেখানে পৌঁছতেই এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১০১ ঘ.
bdnews24