ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের আরেকটি মামলায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে।
অভিযোগ গঠনের ধার্য দিনে বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রেজাউল ইসলাম ১৭ জুন পরবর্তী দিন রাখেন।
এ সময় মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামুনের আইনজীবী আবদুল্লাহ মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ মে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক মামলাটি বিচারের জন্য তিন নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দিয়েছিলেন।
তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেনের আদালতে মামুন ও তারেক রহমানের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে অপর একটি মামলার বিচারকাজ চলছে।
২৯ এপ্রিলে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
মামুনের বিরুদ্ধে এ মামলায় ৪ লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড ব্রিটেনে পাচারের অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষে সাক্ষী রয়েছেন ১৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪৩৯ ঘ.
bdnews24