ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সুুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক মঙ্গলবার সকালে বঙ্গভবনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে এই আবেদন জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কাল গণমাধ্যমে প্রকাশিত হোক তা চাইনি।”
স্পিকারের বক্তব্যের কড়া সমালোচনা করায় উচ্চ আদালতের এই বিচারককে অপসারণের জন্য ইতোমধ্যে তিন দিন সময় বেঁধে দিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা। তা না হলে সংসদই ওই বিচারককে অভিশংসন করবে বলে তারা হুমকি দিয়েছেন।
মোজাম্মেল তার আবেদনে অভিযোগ করেছেন, গত ৩১ মে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তাকে বানরের সঙ্গে তুলনা করেন।
“গত ৩১ মে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আমাকে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নিজে নিজে অযথা উত্তেজিত হয়ে আমাকে বানরের সাথে তুলনা করেন, যা আদালত অঙ্গনে নজীরবিহীন।
“এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এ পর্যন্ত উক্ত বিচারপতি পাঁচ শতাধিক আইনজীবীকে বিভিন্নভাবে অহেতুক গালিগালাজ এবং লাঞ্ছিত করেছেন বিধায় বর্তমানে একাধিক সৎ, ভদ্র, আইনজীবী তার কোর্টে নিরবে বর্জন করে চলেছেন এবং নিজের সম্মান রক্ষার্থে কেহ মুখ খোলেন নাই।”
মোজাম্মেল অভিযোগ করেন, এই বিচারপতির আদালত বর্তমানে ‘গুটি কয়েক আইনজীবীর পছন্দের আদালতে’ পরিণত হয়েছে। তিনি ‘কারণে অকারণে’ দেশের বিভিন্ন জনের বিরুদ্ধে স্বপ্রণোদিত রুল জারির ‘মহোৎসব’ শুরু করেছেন, যা সংবিধান পরিপন্থি।
এছাড়া আইনজীবীদের ওপর ব্যক্তিগত আক্রমণ, গুটিকয়েক আইনজীবীর মামলায় সহায়ক ভূমিকা রাখা, কারণে অকারণে উত্তেজিত হয়ে পক্ষপাতিত্ব, বিজ্ঞ আইনজীবীদের ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে এই বিচারপতির বিরুদ্ধে।
মোজাম্মেল আবেদনে লিখেছেন, “তিনি শুধু শপথ ভঙ্গ করেননি, সংবিধানও লংঘন করেছেন।”
এই আইনজীবী বলেন, “এমতাবস্থায় কী কারণে তিনি আমাকে অকারণে আদালতে অহেতুক হেয় প্রতিপন্ন করেছেন। তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।”
‘আইনের শাসন, সুশাসন, বিচার বিভাগের ভাবমূর্তি এবং সংবিধানকে সমুন্নত রাখার’ লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছেন মোজাম্মেল।
তার এই আবেদনের একটি অনুলিপি প্রধান বিচারপতি বরাবরেরও পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের বিগত সরকারের সময়ে ২০০১ সালের ২৫ জুলাই হাই কোর্ট বিভাগে অতিক্তি বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ার পর দুই বছর দায়িত্ব পালন করেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কিন্তু পরের বিএনপি সরকার তাকে স্থায়ী করেনি। দীর্ঘদিন পরে মহাজোট ক্ষমতায় আসলে ২০০৯ সালের ২৫ মার্চ তিনি হাই কোর্টে স্থায়ী নিয়োগ পান।
উচ্চ আদালতের একটি রায়ের সমালোচনায় ‘বিরূপ’ মন্তব্য করে স্পিকার রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ করেছেন- এমন বক্তব্য দেওয়ার পর মঙ্গলবার ক্ষমতাসীন মহাজোটের সাংসদরাও এই বিচারপতির অপসারণ দাবি করেছেন।
২৯ মে সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, আদালতের রায়ে ক্ষুদ্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।
এই বক্তব্যের সমালোচনা করে শামসুদ্দিন চৌধুরী মঙ্গলবার আদালতে বলেন, “তিনি (স্পিকার) জনগণকে সুপ্রিম কোর্ট ও সরকারের বিরুদ্ধে উস্কে দিয়েছেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল অপরাধ।”
সুপ্রিম কোর্ট বারের একজন সদস্য হিসেবে বিচার বিভাগ স¤পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় আইনজীবী হিসেবে স্পিকারের সনদ থাকা নিয়েও প্রশ্ন তোলেন এই বিচারপতি।
এরপর সন্ধ্যায় সংসদ অধিবেশনে ওই বিচারকের সমালোচনায় মুখর হন সরকারি জোটভুক্ত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, মঈনউদ্দিন খান বাদল ও মুজিবুল হক।
সুরঞ্জিত সেনগুপ্ত বিচারপতি শামসুদ্দিনকে অপসারণে তিন দিন সময় দিয়ে বলেন, “এর মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিককে বিচারপতির পদ থেকে সরিয়ে দেওয়া না হলে সংবিধানে ১৯৭২ সালের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন করা হবে।”
বর্তমান সংবিধানের ৯৬ (৫) অনুচ্ছেদে বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, যা প্রধান বিচারপতি এবং আরো দুই প্রবীণ বিচারপতি নিয়ে গঠিত হবে।
কোনো বিচারকের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ উঠলে রাষ্ট্রপতি কাউন্সিলকে বিষয়টি তদন্ত করতে বলতে পারেন। আর তদন্তে দোষী প্রমাণিত হলে রাষ্ট্রপতি ওই বিচারককে অপসারণ করতে পারবেন।
আর ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বলা হয়েছিল, “প্রমাণিত অসদাচরণ বা অসামর্থের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাইবে না।
মুন্সীগঞ্জের সন্তান শামসুদ্দিন চৌধুরী ১৯৭৮ সালে হাই কোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। কর্মজীবনে তিনি যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অভিবাসন এবং উদ্বাস্তু আইনে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ স্টুডেন্টসদের এক্সটার্নাল সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া লন্ডন বিশ্ববিদ্যালয়ে সাংবিধানিক, ফৌজদারি এবং চুক্তি আইন বিষয়ক প্রভাষক হিসাবেও কর্মরত ছিলেন।
আওয়ামী লীগের বিগত আমলে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবেও কাজ করেন।
এদিকে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বধীন দ্বৈত বেঞ্চ বুধবার বসেনি। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন অসুস্থ বলে সকালেই আদালতের সামনে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৫৫ ঘ.
bdnews24